রাসায়নিক দ্রব্য উচ্চমাত্রায় দাহ্য হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এসব দ্রব্য ব্যবহার ও এর সংস্পর্শে আসার ক্ষেত্রে সচেতন না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ক্যানসার, প্রজননক্ষমতা হ্রাসসহ মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। সমস্যা এড়িয়ে গবেষণাগারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতা। আর এ জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েই নিরাপদ ল্যাবরেটরি অনুশীলনের সূচনা হওয়া দরকার।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনে ‘গবেষণাগার ব্যবহারে সতর্কতা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রসায়নবিদেরা এসব কথা বলেন। ইনস্টিটিউট অব কেমিস্ট অ্যান্ড কেমিক্যাল টেকনোলজিস্টস (আইসিসিটিবি) এবং বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল প্রফেশনালস (বিএসপিপি) যৌথভাবে চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণাগারের ৩৩ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নিয়েছেন। ১৯ অক্টোবর কর্মশালা শেষ হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নিরাপদ রাসায়নিক দ্রব্য ও ল্যাবরেটরি ব্যবহারের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা সম্প্রতি নিমতলী ও যাত্রাবাড়ীর অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, গবেষণাগারে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে গবেষণাগার ও শিল্পমালিকদের আন্তরিকতা দেখাতে হবে।বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, বিএসপিপির সভাপতি অধ্যাপক এ আই মোস্তফা, অধ্যাপক এ জে মাহমুদ প্রমুখ।