দুর্ঘটনা কমাতে চালকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ২০২০ সাল নাগাদ বিশ্বের ঘাতকের তালিকায় নবম স্থান থেকে তা তৃতীয় স্থানে উঠে আসবে। এর ফলে তাৎক্ষণিকভাবে অসহায় হয়ে পড়বে লাখ লাখ পরিবার। দেশে সড়ক দুর্ঘটনার হার কমাতে হলে একদিকে যেমন চালকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক হতে হবে।গতকাল রোববার ‘গাড়ি চালনা প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি’ নামে সাত দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহর সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গাড়িচালকদের অধিকাংশই তাঁদের জীবন শুরু করেন গাড়িচালকের সহকারী হিসেবে। এরপর ওই গাড়িচালকের কাছে তাঁর ধীরে ধীরে হাতেখড়ি হয়। তারপর একদিন তিনি নিজেই গাড়ি চালানো শুরু করেন। এর ফলে গাড়িচালক গাড়ি চালানোর নিয়মকানুন সম্পর্কে অজ্ঞ থাকেন। তাঁদের সে অজ্ঞতার কারণেই রাস্তায় একদিকে যেমন যানজট বৃদ্ধি পায়, অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে দুর্ঘটনা ঘটে। এসব সমস্যা থেকে উত্তোরণের জন্য চালকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করতে হবে।বক্তারা বলেন, অনুসন্ধানে জানা যায় দেশের আনাচে-কানাচে গড়ে ওঠা চালকদের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে যাঁরা প্রশিক্ষণ দেন, তাঁদের অধিকাংশই গাড়ি চালানোর নিয়মকানুন সম্পর্কে জানেন না। আর এ কারণে তাঁদের হাতে প্রশিক্ষণ পাওয়া চালকেরাও নিয়ম সম্পর্কে অজ্ঞ থাকেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে অদক্ষ চালকের সংখ্যাও বাড়ছে।অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিআরটিএর দুর্বল জনশক্তি ও অপরিকল্পিত উদ্যোগের কারণে দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না। এ ছাড়া ঘন ঘন চেয়ারম্যান পরিবর্তন হওয়ার কারণে এর স্বাভাবিক কাজে স্থবিরতা দেখা দেয়।শাজাহান খান যোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সমালোচনা করে বলেন, কোনো পদক্ষেপ গ্রহণ করতে গেলেই এ কমিটি পেছন থেকে টেনে ধরে। এ কারণে কোনো কাজেই সামনে এগোনো সম্ভব হয় না।দুর্ঘটনা প্রতিরোধে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশের প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালে আগের বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কমেছে। আর তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণেই।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য হাবিবুর রহমান, দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক শামসুল হক, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান প্রমুখ।সাত দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন চালক-প্রশিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। বিআরটিএর সহযোগিতায় প্রতি মাসে এরকম কর্মশালা করার পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।