বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেছেন, দুর্ঘটনা কমাতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ছাড়া গাড়ির মালিক, চালক, প্রশিক্ষক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যে সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার বুয়েটের পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে ড্রাইভার ইনস্ট্রাকটর কর্মসূচির (মডিউল-২) উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। গাড়িচালক ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সচেতন, দক্ষ ও নিরাপদ চালক তৈরি করে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। উপাচার্য নজরুল ইসলাম বলেন, গাড়িচালকদের নির্দিষ্ট বিরতিতে প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়া পেশাভিত্তিক নৈতিকতা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দুর্ঘটনা কমে আসবে।নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান দুর্ঘটনা হ্রাস করতে এ ধরনের প্রশিক্ষণের প্রশংসা করেন। মন্ত্রী রিসার্চ ইনস্টিটিউটকে পথচারীর সঙ্গে সংঘর্ষজনিত দুর্ঘটনা কমাতে ভবিষ্যতে পথচারীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার অনুরোধ জানান।উপউপাচার্য এম হাবিবুর রহমান এই প্রশিক্ষণকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এবার ব্যবহারিক ক্লাস অন্তর্ভুক্ত করায় প্রশিক্ষণ আরও বাস্তবসম্মত হবে।অধ্যাপক মো. শামসুল হক বলেন, প্রথম ব্যাচে যেসব ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে কয়েকটি ইনস্টিটিউট বিআরটিএর রেজিস্ট্রেশন পেয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ইনস্টিটিউট মাল্টিমিডিয়া ও ভিডিও ফুটেজের মাধ্যমে চালকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।