সড়ক দুর্ঘটনার কারণগুলোর প্রতিকার করতে হবে সবার আগে। তা করতে না পারলে আগামী ২০ বছরে দুর্ঘটনার হার ৮০ শতাংশ বেড়ে যাবে। আর প্রতিকার করা গেলে সড়ক দুর্ঘটনা ১০ বছরে পুরোপুরি বন্ধ না হলেও অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।গতকাল বুধবার রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা কর্মসূচির এক দশক (২০১১-২০২০) উপলক্ষে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এই কর্মশালার আয়োজন করে। এতে সওজের সঙ্গে ইন্টারন্যাশনাল রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।আবুল হোসেন বলেন, প্রতিবছর ১২ থেকে ১৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এর ক্ষয়ক্ষতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই শতাংশের সমান। মন্ত্রী আরও বলেন, অধিকাংশ দুর্ঘটনারই শিকার হন পথচারীরা। অদক্ষ চালক ও আইন অমান্য করার কারণেই এসব দুর্ঘটনা ঘটে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিদ্যমান আইনগুলো যথেষ্ট। এগুলোর পরিবর্তনের প্রয়োজন নেই। শুধু প্রয়োগ নিশ্চিত করতে হবে।সওজের প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিসহ সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০১০ সালের ২ মার্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনে সড়ক দুর্ঘটনা রোধে পরবর্তী দশক (২০১১-২০২০) পর্যন্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।