সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মাশুক খানের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৩০ লাখ টাকা দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
একই দাবিতে আগামী রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রজোট। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর সাভার থেকে ঢাকা আসার পথে বিশ্ববিদ্যালয়ের ‘বংশী’ বাসে পর্যাপ্ত আসন না থাকায় ফটকে দাঁড়িয়ে আসার সময় পড়ে যান মাশুক খান। টানা ১১ দিন চিকিৎসার পর গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কিন্তু তাঁর কোনো খোঁজখবর নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৩০ লাখ টাকা দিতে হবে।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল না থাকার কারণে শিক্ষার্থীরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় মেসে থাকেন। এতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথে পড়াশোনায় শিক্ষার্থীদের চার থেকে পাঁচ গুণ বেশি টাকা খরচ হয়। যা একটি সাধারণ পরিবারের পক্ষে জোগান দেওয়া অনেক কঠিন। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত বাস না থাকায় বেশির ভাগ শিক্ষার্থীকে বাদুড়ঝোলা হয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হয়। আর এভাবে যাতায়াত করতে গিয়েই মাশুক নিহত হয়েছেন। এর আগেও বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কিন্তু বাসের সংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাই অবিলম্বে আবাসিক হল নির্মাণ, ক্যানটিনে খাবারের মান ও বাস এবং ট্রিপের সংখ্যা বাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা ও বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম আলামিন প্রমুখ বক্তব্য দেন।