দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মাশুক খানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর সাভার থেকে ঢাকা আসার পথে বিশ্ববিদ্যালয়ের ‘বংশী’ বাস থেকে পড়ে যান মাশুক খান। টানা ১১ দিন চিকিৎসার পর গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এর আগেও বাসে পর্যাপ্ত আসন না থাকায় দরজায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে আসার সময় পড়ে গিয়ে মৃত্যু ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
বক্তারা বলেন, কোনো আবাসিক হল না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকাসহ সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষার্থীরা। কিন্তু এসব সড়কে মাত্র একটি করে বাস আছে, যা ছাত্রসংখ্যা অনুপাতে খুবই অপ্রতুল। ফলে বেশির ভাগ শিক্ষার্থীকে বাদুড়ঝোলা হয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই এ দুর্ঘটনাগুলো ঘটে থাকে৷ অথচ বাসের সংখ্যা বৃদ্ধি ও হল নির্মাণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অবিলম্বে আবাসিক হল নির্মাণ করতে হবে। একই সঙ্গে বাস ও ট্রিপের সংখ্যা বাড়াতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম আলামিন প্রমুখ বক্তব্য দেন।