রাজধানীতে পৃথক দুর্ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায়, একজন রেলে কাটা পড়ে এবং একজন ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার আদাবর এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল সকালে মতিঝিল শাপলা চত্বরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে সোহেল হাবিব (২৫) নামে এক যুবক নিহত হন। সোহেল ওই বাসের চালকের সহকারী (হেল্পার)। নিহত সোহেলের বাড়ি ভোলা সদরের পাটোয়ারীবাড়ির ইলিশিয়ায়। তিনি মতিঝিল-মোহাম্মদপুর রুটের সিটি বাস সার্ভিসে কাজ করতেন। গতকাল সকাল ১০টার দিকে মতিঝিল শাপলা চত্বরে যাত্রী নামিয়ে সামনে বাসটি ঘোরানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। বাসের দরজায় দাঁড়ানো সোহেল ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ দিকে আদাবর থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শুভর (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শুভ বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিএসসি শেষ বর্ষের ছাত্র ছিলেন। থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।পুলিশ জানায়, গত মঙ্গলবার ৬৬১/বি নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসায় ওঠেন শুভ। এরপর গতকাল সকালে ওই বাসার ড্রইংরুমের ফ্যানের হুকের সঙ্গে গলায় নাইলনের রশি বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অপর দিকে গত মঙ্গলবার ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন মো. জুয়েল (২৫) নামে এক মুরগি ব্যবসায়ী। নিহত জুয়েলের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে বিদ্যুৎ চলে গেলে জুয়েলসহ কয়েকজন ছাদে যান। এ সময় তাঁরা লাফিয়ে এক ছাদ থেকে আরেক বাড়ির ছাদে যান। রাত সাড়ে ১০টার দিকে ওই ছাদ থেকে ফেরার সময় জুয়েল দুই বাড়ির মাঝে পড়ে যান। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।গত মঙ্গলবার মহাখালী রেলগেটের উত্তর পাশ থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে রেলপুলিশ (জিআরপি)। এদিকে গতকাল ভোরে আবুল কালাম মোড়ল (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল ভোরের দিকে তাঁকে কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।