দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা ও গেন্ডারিয়া এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গতকাল পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে ভাটারা থানার নূরেরচালা বাজার এলাকায় ইটের স্তূপের ওপর থেকে পড়ে আবদুল হক (৬০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আর গেন্ডারিয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পা ফসকে মো. মিরাজ নামে (২০) আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আবদুল হকের ভাগনে মাহফুজ মিয়া প্রথম আলোকে বলেন, নূরেরচালা বাজার এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন আবদুল হক। ইটের স্তূপ থেকে তিনি অন্য এক শ্রমিকের মাথায় ইট তুলে দিচ্ছিলেন। এ সময় মাথা ঘুরে নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আবদুল হকের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার সোহেলা গ্রামে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে গেন্ডারিয়া থানাধীন মনিজা স্কুলের পাশে একটি নির্মাণাধীন দশম তলা ভবনের চতুর্থ তলা থেকে পা ফসকে নিচে পড়ে যান রাজমিস্ত্রি মো. মিরাজ। তাঁর বাড়ি ভোলার মাঝেরচরে। মিরাজের চার-পাঁচজন সহকর্মী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাঁকে মৃত ঘোষণা করেন।