দুর্ঘটনায় বাসযাত্রী এএসআই নিহত
রাজধানীর বিমানবন্দরে গোলচত্বরে একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এক বাসযাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত বাসযাত্রীর নাম শফিকুল ইসলাম (২৯)। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই)। গত সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শফিকুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দীন জানান, শফিকুল বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। গতকাল রাতে সায়েদাবাদ থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি মিনিবাসের পেছনের আসনে বসেছিলেন। গতকাল রাত ১০টার দিকে বলাকা পরিবহনের বাসটি বিমানবন্দর গোলচত্বরে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি মিনিবাস ধাক্কা দিলে বলাকা পরিবহনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহত শফিকুলকে দ্রুত উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, দুর্ঘটনায় শফিকুলের পেটে ধাতব একটি বস্তু ঢুকে যায়।