দুর্নীতি: চাকরি হারালেন ঢাকা উত্তর সিটির রেভিনিউ সুপারভাইজার
আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১০-এর রেভিনিউ সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাছ আলীকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ সোমবার সংস্থার সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে চাকরি থেকে অপসারণের কথা জানানো হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, আব্বাছ আলীর মূল পদ মূলত অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তিনি রেভিনিউ সুপারভাইজার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনের সময়ে তিনি আফতাব নগর আবাসিক এলাকায় হোল্ডিং ট্যাক্স আদায়ের রসিদ ছাড়াই ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তা আবার ফেরতও দিয়েছেন।
এ ছাড়া কর আদায়সংক্রান্ত কাজেও আব্বাছ আলী আর্থিক অনিয়ম করেছেন। তাঁর এমন কর্মকাণ্ডে করপোরেশনের সেবামূলক কার্যক্রম, সুনাম ও রাজস্ব আদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মচারী বিধিমালা ২০১৯-এর ৬৪(২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষার্থে আব্বাছ আলীকে চাকরি থেকে অপসারণ করা হলো। বিধিমোতাবেক এই কর্মকর্তা কেবল ৯০ দিনের বেতন পাবেন।