দুর্নীতি মামলায় এনামুলের বিরুদ্ধে অভিযোগপত্র
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনো কারবারি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক ওরফে এনুসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী আদালতে এ অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন এনামুলকে সহায়তাকারী গেন্ডারিয়ার বাসিন্দা হারুনুর রশীদ ও ওয়ারীর বাসিন্দা আবুল কালাম আজাদ।
আজ বুধবার দুপুরে দুদকের আদালতের উপপরিচালক মো. জুলফিকার অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ২৩ অক্টোবর দুদকের কর্মকর্তা মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে এনামুলের বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন।
গত বছরের ১৩ জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে এনামুলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাঁচ দিন পর ১৯ জানুয়ারি তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
এনামুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় বলা হয়, অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে এনামুল জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ নিজ নামে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৭৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া আসামি রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা হারুনুর রশীদ ও ওয়ারীর বাসিন্দা আবুল কালাম আজাদ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে যথাক্রমে ১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা ও ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে এনামুলকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। ওই সম্পদ তাঁরা নিজেদের দখলে রেখেছেন।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের অন্যতম অংশীদার এনামুল ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর ভাই রূপণ ভূঁইয়া ছিলেন একই থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
২০১৯ সালে পুরান ঢাকার দুই ভাইয়ের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দুই দফা অভিযান চালিয়ে নগদ প্রায় ৩২ কোটি টাকা, ৯ কেজি সোনা ও ৫ কোটি ১৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) ও ১টি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানের সময় অবশ্য দুই ভাইকে গ্রেপ্তার করা যায়নি। তাঁরা ধরা পড়েন ২০২০ জানুয়ারি মাসে।