দুর্নীতি রোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান
দুর্নীতিকে অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, এটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দুর্নীতি রোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুসন্ধানী ও সৃজনশীল রিপোর্টিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন দুদকের চেয়ারম্যান।এ বছর সংবাদপত্র বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ। সংবাদপত্র বিভাগে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে যুগান্তর-এর বিশেষ প্রতিনিধি মিজান মালিক ও বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আদিত্য আরাফাত। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে আরটিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ ও একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন মুন্নী। ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৩’-এর বিচারকেরা হলেন দ্য ডেইলি ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।অনুষ্ঠানে মাহবুবুল আলম বলেন, তরুণ সাংবাদিকদের হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা দ্রুত এগিয়ে যাচ্ছে।সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন দেশ থেকে দুর্নীতি নির্মূলে ভূমিকা রাখবে। দুর্নীতির ওপর অনুসন্ধানী ও সৃজনশীল সাংবাদিকতা উৎসাহিত করতে এ বছরই প্রথম দুদক মিডিয়া অ্যাওয়ার্ড চালু হয়েছে।