দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবে’—এ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) যৌথভাবে জাতীয় পর্যায়ের মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গতকাল রোববার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিআইবির ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ সুলতানা কামাল বলেন, ‘ব্যক্তিগত সুখ ও স্বার্থের জন্য নীতির বাইরে যা করা হয় তা-ই দুর্নীতি। এর ঊর্ধ্বে উঠে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে, যা জনস্বার্থে কাজে লাগবে। তারুণ্যের শক্তিই সর্বশ্রেষ্ঠ শক্তি। কারণ তরুণেরা মেধা, মনন, চিন্তা ও যুক্তিতে থাকে সতেজ। এর মাধ্যমে তারা রুখতে পারবে সব ধরনের দুর্নীতি।’ বিডিএফের সভাপতি আব্দুন নূর তুষার বলেন, ‘দুর্নীতি প্রতিহত করতে হলে সবাইকে সচেতন হতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম চৌধুরী, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক এস এম রিজওয়ান-উল-আলম প্রমুখ।দুর্নীতি ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় ঢাকাসহ সারা দেশের ৩৬টি স্কুলের ২৭০ শিক্ষার্থীর নাম নিবন্ধন করা হয়। গতকাল সারা দিন শিক্ষার্থীরা মেতে ওঠে যুক্তির লড়াইয়ে। অনুষ্ঠানের মিডিয়া সহযোগী ডেইলি স্টার, প্রথম আলো ও বৈশাখী মিডিয়া। বিজ্ঞপ্তি।