দুর্নীতির অভিযোগে সেরেস্তাদার বরখাস্ত
সাংসদ শেখ হেলালের নাম করে বদলির আদেশ স্থগিত করার চেষ্টা এবং দুর্নীতির অভিযোগে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার আবদুল মজিদ প্রামাণিককে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ বরখাস্তের আদেশ দেন।সূত্র জানায়, সেরেস্তাদার আবদুল মজিদকে গত ২ ফেব্রুয়ারি ঢাকার তৃতীয় অর্থঋণ আদালত থেকে তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বদলি করা হয়। এরপর জেলা ও দায়রা জজের কাছে সাংসদ শেখ হেলালের নাম করে মজিদ তাঁর বদলি ঠেকানোর চেষ্টা করেন।আবদুল মজিদ হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হক শাহীনের নাম করে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলামকে মুঠোফোনে বদলির আদেশ স্থগিত রাখার কথা বলেন। বিষয়টি তাঁদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় জেলা জজ আদালত থেকে হাইকোর্টে যোগাযোগ করে নিশ্চিত হন, আবদুল মজিদ মিথ্যার আশ্রয় নিয়েছেন।এরপর ৭ ফেব্রুয়ারি মজিদ জেলা জজের খাস কামরায় গিয়ে বলেন, বাগেরহাটের সাংসদ শেখ হেলাল ফোন করেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। জেলা জজ ফোন ধরলে অপর প্রান্ত থেকে আবদুল মজিদকে যে কোনো একটি অর্থঋণ আদালতের সেরেস্তায় রাখতে বলা হয়। এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী-শৃঙ্খলা ও আপিল বিধির পরিপন্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন বিচারক এবং সাময়িক বরখাস্ত করেন।এ ঘটনায় জেলা জজ তাঁকে বরখাস্ত করেন। একই সঙ্গে, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন।