দুর্নীতির তথ্য দিতে সরকারি কর্মীদের দুদকের অনুরোধ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির তথ্যদাতা হিসেবে পেতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি সংসদে প্রণীত ‘জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১’-এর আওতায় তথ্য প্রকাশকারীদের সরকার সব ধরনের সাহায্য করবে বলে নিশ্চিত করেছে দুদক। গত মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদক ২০০৪ সালের আইন অনুযায়ী বিভিন্ন অভিযোগের তদন্ত ও অনুসন্ধান করে থাকে। সম্প্রতি প্রণীত জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন অনুযায়ী তথ্য প্রকাশকারীর পরিচয় গোপন রাখার নিয়ম রাখা হয়েছে। সঠিক তথ্য প্রকাশের জন্য তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না। কোনো মামলায় ওই তথ্য প্রকাশকারীকে সাক্ষীও করা যাবে না। তথ্য প্রকাশকারী সরকারি চাকরিজীবী হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ হয়রানিমূলক বদলি বা বাধ্যতামূলক অবসরসহ কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে না। এমনকি তথ্য প্রকাশকারীর তথ্যের ভিত্তিতে সৃষ্ট অভিযোগ বা অপরাধ আদালতে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য প্রদানকারীকে পুরস্কার বা সম্মাননা দেবে। দুদক বলেছে, সরবরাহ করা তথ্য অবশ্যই সত্য এবং গুরুত্বপূর্ণ হতে হবে। প্রতিটি তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট দলিল বা যথোপযুক্ত প্রমাণ থাকা জরুরি। দুর্নীতির তথ্য প্রকাশকারী অনুরোধ করলে তাঁর পাঠানো তথ্যের ভিত্তিতে কমিশন যেসব ব্যবস্থা নেবে, সেটা তাঁকে জানানোর নিয়মও এই আইনে রয়েছে। দুদকের বিজ্ঞপ্তিতে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা বা ইউনিয়ন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিসংক্রান্ত তথ্যাদি প্রমাণসহ দুদকের ঠিকানায় চেয়ারম্যান বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।