দুর্নীতির দুটি মামলায় জামিন পাননি সাবেক রাষ্ট্রদূত মাজেদা
দুটি দুর্নীতির মামলায় ফিলিপাইনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসার আগাম জামিন মঞ্জুর করেননি হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আরজি জানান। শুনানিতে তাঁর পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল মামুন জামিনের আরজি জানান। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করার কথা বলেন। পরে খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন দুটি আদালতে উপস্থাপন করা হয়নি বলে আদালত জামিন নামঞ্জুর করেন। তবে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুটি মামলায় জামিনের আরজি জানানোর পর আদালত তা মঞ্জুর করেননি। আবেদন দুটির বিষয়ে কী হয়েছে, এখনো নিশ্চিত নই। শুনেছি, উপস্থাপিত হয়নি বলে খারিজ হয়েছে। পরে আদালতে যোগাযোগ করি। আদালত থেকে জেনেছি আগামী সোমবার বিষয়টি স্পষ্ট জানা যাবে।’ অবৈধ নিয়োগ, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দুদক গত ৩১ অক্টোবর শাহবাগ থানায় মাজেদার বিরুদ্ধে দুটি মামলা করে। দুদকের পক্ষে এসব মামলার বাদী সহকারী পরিচালক মাহাবুবুল আলম।