দুর্নীতির মামলায় কোস্টগার্ডের সাবেক ডিজি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব.) সফিক-উর-রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন।

গত বুধবার দিবাগত রাতে সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

সফিক-উর-রহমানকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী প্রবীর রঞ্জন দাস জামিনের আবেদন করেন।

দুদকের একটি সূত্র জানায়, সংস্থার পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে অভিযান চালিয়ে মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্র জানায়, কোস্টগার্ডের অনুকূলে বরাদ্দ দেওয়া গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

এজাহারে বলা হয়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের অনুকূলে ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। নিয়মানুযায়ী ওই গম বিক্রির সুযোগ ছিল না। কিন্তু কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি কতগুলো ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে নিজেদের খেয়ালখুশিমতো পাঁচ টাকা কেজি দরে গম বিক্রি করে। অথচ ওই সময় গমের বাজারমূল্য ছিল প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে অভিযুক্ত ব্যক্তিরা ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।

বরখাস্ত সেনাসদস্য গ্রেপ্তার: দুর্নীতির মামলায় বরখাস্ত হওয়া এক সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জন সেনা কর্মকর্তার নামে ভুয়া টিএ/ডিএ বিল তৈরি করে বিল পাস করার পর ব্যাংক থেকে তুলে আত্মসাতের অভিযোগে গত বছরের নভেম্বরে সেনানিবাস থানায় একটি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, ওই সব বিলের মাধ্যমে আসামিরা ২ লাখ ৩১ হাজার ৮৩৮ টাকা আত্মসাৎ করেন।