দুর্নীতির মামলায় মামুন দম্পতির সাজা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও তাঁর স্ত্রী শাহিনা ইয়াসমিনকে দেওয়া সাজা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ সাজার রায়ের বিরুদ্ধে দণ্ড পাওয়া ব্যক্তিদের আপিল মঞ্জুর করে এ রায় দেন। জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা ওই মামলায় বিশেষ জজ আদালতের রায়ে মামুনের ১০ বছর ও তাঁর স্ত্রীর তিন বছর কারাদণ্ড হয়েছিল।আদালতে আপিলকারী পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক, শাহ মঞ্জুরুল হক ও দিলারা খন্দকার। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘আদালত মামুন ও তাঁর স্ত্রীর আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে রায় দিয়েছেন। ফলে তাঁরা এই মামলায় খালাস পেলেন।’ তবে খুরশীদ আলম খান আপিলের সম্ভাবনার কথা বলেছেন।’আদালত সূত্র জানায়, বিগত সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ৫০ ব্যক্তিকে তাঁদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। এর মধ্যে মামুনও ছিলেন। তবে সম্পদের হিসাব দাখিল করেননি তিনি। জ্ঞাত আয়-বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে সে বছরেরই ৮ মে দুদক মামুন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে।