দুর্বৃত্তদের হামলায় দুজন আহত
যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায় গতকাল সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় দুজন আহত হয়েছেন। আহত মো. সবুজ (২৫) ও জাহাঙ্গীর আলমকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজের মা খাদিজা বিবি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডলফিন গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে সবুজের মাথা ও বাঁ হাতে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর আলমের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর ও তাঁর মা হাওয়া বেগম মিরপুর-১-এর নিউ সি ব্লকের বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন যুবক এসে জাহাঙ্গীরের পেটে কেচি ঢুকিয়ে দেন। এরপর তাঁরা জাহাঙ্গীরের কাছ থেকে সাত হাজার টাকা এবং হাওয়া বেগমের গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে দ্রুত চলে যান।