দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত শুক্রবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত চা-দোকানি স্বপন মিয়াকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে একটার দিকে চার ছিনতাইকারী মিরপুরের লালকুঠি মাজারের সামনে চা-দোকানি স্বপন মিয়ার পথরোধ করে। একপর্যায়ে স্থানীয় ছিনতাইকারীরা তাঁর পেটে ছুরি মেরে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর আগে ওই রাতে পাঁচ ছিনতাইকারী রাজধানীর রাজউক ভবনের কাছে গৃহবধূ কামরুননাহারের রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মোবাইল ফোনসেট ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কামরুননাহারের স্বামী সাংবাদিক ইশারফ হোসেন। শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী থানার কাছে স্থানীয় দুই ছিনতাইকারী মিন্টু ও জুলহাস গৃহবধূ ফাতেমা আক্তারের রিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। গৃহবধূ ফাতেমা আক্তার অভিযোগ করেন, এই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গৃহবধূকে অপেক্ষা করতে বলা হলে তিনি অভিযোগ না রেখে চলে যান। ছুরিকাঘাতে আহত: গতকাল দুপুরে কাকলী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন জ্যোতিষী আবদুস সাত্তার। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা, কেন হামলা করেছে তিনি জানেন না বলে জানান। অজ্ঞান পার্টির খপ্পরে: গতকাল শনিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়েছেন বশির আহম্মদ নামে বৃদ্ধ। তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।