দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর অবদানের স্বীকৃতি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগে নারী ও কিশোরীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলায় নারীরাই সবচেয়ে বেশি অবদান রাখেন। তাঁদের এই অবদানের স্বীকৃতি দিতে হবে।গতকাল বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের হাত থেকে নারী ও কিশোরীদের রক্ষার জন্য দেশে একটি জেন্ডার সংবেদনশীল পরিবেশ নীতি প্রণয়ন করা জরুরি বলেও মত দেন বক্তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট আয়োজিত ‘দুর্যোগ ব্যবস্থাপনায় নারী ও কিশোরীদের অবদান’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। তিনি বলেন, দেশে পরিবেশ নীতি বাস্তবায়নে যে কলাকৌশল প্রণয়ন করা হয়, একে জেন্ডার সংবেদনশীল বলা যায় না। নীতিকাঠামোকে জেন্ডার সংবেদনশীল করে তুলতে হবে এবং নারীর সমস্যা ও চাহিদাগুলোকে নীতিনির্ধারণী কর্মকৌশলে অন্তর্ভুক্ত করতে হবে। রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, নারী ও কিশোরীরা প্রাকৃতিক আপৎকালে অসামান্য অবদান রেখে চলেছে। নারীরা বিপদের মধ্যে থেকেও পরিবারের, বিশেষ করে শিশুদের দেখাশোনা করেন। অন্যান্যের মধ্যে নরওয়ে দূতাবাসের কর্মকর্তা মোর্শেদ আহমেদ, অক্সফ্যাম জিবির ফারহানা হাফিজ প্রমুখ বক্তব্য দেন। সভার শুরুতে স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট নির্মিত প্রামাণ্যচিত্র দুর্যোগে নারী প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি।