খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি কমাতে জাতীয় ভবন নির্মাণবিধি অনুসারে স্থাপনা নির্মাণ এবং এ কাজ তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার কাজ চলছে। সরকার দুর্যোগ ব্যবস্থাপনার প্রথাগত পদ্ধতি থেকে সরে এসে সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে। গতকাল সোমবার রূপসীবাংলা হোটেলে ‘ভূমিকম্প-পরবর্তী দুর্যোগে সাড়া দেওয়া’ শীর্ষক প্রথম আঞ্চলিক সেমিনার উদ্বোধনের সময় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে আরও বক্তব্য দেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, সেন্টার ফর এক্সিলেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের পরিচালক লে. জেনারেল জন এফ গুডম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মঈনুল ইসলাম। যুক্তরাষ্ট্র ও সার্ক দেশগুলো থেকে প্রায় দেড় শ কর্মকর্তা সেমিনারে অংশ নিচ্ছেন।