দুর্যোগকালে শিক্ষাকে গুরুত্ব না দিলে এমডিজি অর্জন সম্ভব হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের সময় দেশে শিক্ষাকার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এ সময় খাদ্য, ত্রাণ ইত্যাদি বিষয়ে নজর দেওয়া হলেও দুর্যোগকবলিত এলাকায় শিক্ষার বিষয়টি একেবারেই উপেক্ষিত থাকে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে শিক্ষাকে গুরুত্ব না দিলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করা সম্ভব হবে না।দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষা নিয়ে সরকারি-বেসরকারি ৩০টি সংগঠনের জোট ‘এডুকেশন ক্লাস্টার বাংলাদেশ’ আয়োজিত জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল রোববার শিশু একাডেমী মিলনায়তনে দুই দিনব্যাপী এই কনভেনশনের উদ্বোধন করা হয়।কনভেনশনে দুর্যোগকালে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান ও বিদ্যমান আইনের সংস্কারসহ পাঁচ দফা সুপারিশমালা উত্থাপন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, আইলা দুর্গত চারটি উপজেলার মানুষ এখনো তাদের ঘরে ফিরে যেতে পারেনি। সেখানে বিশুদ্ধ পানির অভাব বড় সমস্যা। সবচেয়ে উদ্বেগের বিষয় এখন পর্যন্ত সেখানকার শিশুরা স্কুলে যেতে পারছে না। তিনি জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে ওই এলাকাগুলোয় বাঁধ নির্মাণ করা হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্নিমাণ করা হবে। এ জন্য তিনি বিশেষ কর্মসূচি নিয়ে বেসরকারি সংস্থাগুলোকে সরকারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।ইউনিসেফের শিক্ষাবিষয়ক প্রধান নভেন্দ্র দাহাল বলেন, দুর্যোগকালে শিক্ষা অব্যাহত রাখতে ইউনিসেফসহ কিছু প্রতিষ্ঠান অর্থায়ন করছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা আইনে শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান অ্যাকশন এইডের এ দেশীয় পরিচালক ফারাহ কবির। তিনি বলেন, এ ব্যাপারে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।অনুষ্ঠানে দুর্যোগকালে কীভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত হয় তার অভিজ্ঞতা বর্ণনা করেন কুড়িগ্রামের শিক্ষক আলাউদ্দীন সরকার, ছাত্র মিকাইল ও শরিয়তপুরের ছাত্রী শ্রাবণী।অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের আবাসিক পরিচালক সুমন সেন গুপ্ত, কনসার্ন ওয়ার্ল্ভ্র ওয়াইডের আবাসিক পরিচালক এ কে এম মুসা প্রমুখ বক্তব্য দেন।দুই দিনের কনভেনশনে থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক মঞ্চনাটক, মক ড্রিল, ডিআরপি গেমস, পরিবেশ পরিবর্তন নিয়ে বিতর্কসহ নানা কার্যক্রম।