দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভায়রার ছেলে আবু হোসাইনকে নিয়ে আশুলিয়া থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন বৃদ্ধ আহমদ আলী। আবু হোসাইন বলেন, বহির্বিভাগের চিকিৎসকের পরামর্শমতো তিনি খালুর জরুরি এক্স-রে ও রক্তের গ্রুপ পরীক্ষার জন্য ২০০ টাকা জমা দেন। কিন্তু পরীক্ষার কাজ করার জন্য কোনো টেকনোলজিস্টকে পাওয়া যায়নি। আবু হোসাইন জানতেন না দাবি আদায়ে কর্মচারীরা ধর্মঘট করছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় চিকিৎসক তাঁর খালুকে দেখেননি। জমা দেওয়া টাকাও ফেরত পাওয়া যায়নি। আবু হোসাইন অসুস্থ খালুকে আশুলিয়ায় ফেরত নিয়ে যান। যাওয়ার সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পাওয়া নাগরিকের অধিকার। কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধারে রোগীকে জিম্মি করে নার্স ও কর্মচারীরা এভাবে আন্দোলন করতে পারেন না।’গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বত্রই ছিল এই ভোগান্তির চিত্র। কর্মবিরতির সময় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা ওষুধও পাননি। শুধু রাজধানীর আশপাশ নয়, দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগী হাসপাতালে এলেও চিকিৎসাসেবা পাননি। এর ফলে অনেকের অবস্থার অবনতি ঘটে বলে কয়েকজন রোগীর স্বজন জানিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবিতে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং নার্সরা গত ১৬ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করে আসছেন। ফলে বহু রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে কর্মচারীরা কাজ ফেলে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। তাঁরা বিশ্ববিদ্যালয় ঘোষণা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভকারীরা দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের করিডর এবং কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। জানতে চাইলে নার্স কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আগামী রোববার আলোচনা করে তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।