রাজধানীর শ্যামলী-আদাবর এলাকায় অবস্থিত একটি ডাইং কারখানাকে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দ্রুত এই কারখানাটি আবাসিক এলাকা থেকে শিল্প এলাকায় সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ৯৬৬/সি, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, ঢাকায় অবস্থিত ক্রিয়েটিভ টেক্সটাইল ডিজাইন নামক কারখানায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম গিয়ে দেখতে পায়, কারখানাটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনিভাবে আবাসিক এলাকায় স্থাপন করা হয়েছে। ২০০৩ সাল থেকে চালু এ কারখানায় কোনো বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) নেই। কারখানাটি আবাসিক এলাকা থেকে স্থানান্তরের জন্য গত ১২ জুলাই অধিদপ্তর নোটিশ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পালন করেনি। অভিযানকালে কারখানা থেকে এ যাবৎ আড়াই লাখ ঘনমিটার কেমিক্যাল-মিশ্রিত দূষিত তরল বর্জ্য নির্গমনের প্রমাণ পাওয়া যায়। উল্লেখ্য, এ কারখানায় দৈনিক পাঁচ মেট্রিক টন বস্ত্র ডাইং ও ওয়াশিং করা হয়। এসব তরল বর্জ্য কারখানার ড্রেন দিয়ে ওয়াসার সুয়ারেজভুক্ত কল্যাণপুর খালের মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ে। অভিযানকালে এ কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় মাত্র ২ দশমিক ৩৯ (আদর্শমাত্রা ৪.৫-৮ ৫), যা জলজপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশের ক্ষতিসাধনের দায়ে এ কারখানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আট লাখ টাকা ক্ষতিপূরণের দণ্ড দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কারখানাটি আবাসিক এলাকা থেকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা এবং কারখানা বন্ধ করে মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার মালিক গতকালই ডাইং কার্যক্রম বন্ধের ঘোষণা দেন এবং কারখানা সাভারে স্থানান্তরের অঙ্গীকার করেন।পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী পরিবেশ অধিদপ্তরের একটি কারিগরি টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।