দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে চলমান কার্যক্রম পর্যাপ্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে যেসব কার্যক্রম চলছে, তা মোটেই পর্যাপ্ত নয়। তাই সরকারের পাশাপাশি এ খাতে বেসরকারি সংস্থার এগিয়ে আসা প্রয়োজন।গতকাল বুধবার আগারগাঁওয়ের সমাজসেবা ভবনে এক চুক্তি সই অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান।অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর ও সাইটসেভারসের যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্ট্রেনদেনিং গভর্নমেন্ট ইনটিগ্রেটেড এডুকেশন প্রোগ্রাম ফর দি ব্লাইন্ড’ শীর্ষক প্রকল্পের মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে চুক্তি সই হয়। এ চুক্তিতে সই করেন মহাপরিচালক মশিউর রহমান এবং বাংলাদেশে সাইটসেভারসের পরিচালক ওয়াহিদুল ইসলাম।ওয়াহিদুল ইসলাম বলেন, ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত চলা প্রকল্পটির প্রথম পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি জানান, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে একটি কমিটি থাকবে। ওই কমিটি প্রতি ছয় মাস পর প্রকল্পের অগ্রগতি সমাজসেবা অধিদপ্তরকে জানাবে।প্রকল্পের প্রথম পর্যায়ে ৬৪ জেলায় সরকারের সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমকে সহায়তা করা, দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও রিসোর্স শিক্ষকদের ব্রেইলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, টঙ্গী ব্রেইলপ্রেসকে কার্যকর করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়েও এ কাজগুলো চলমান থাকবে।অনুষ্ঠানে সাইটসেভারসের প্রকল্প ব্যবস্থাপক নুসরাত জেরীন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যেসব প্রকল্প নেওয়া হবে, তা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পের মাধ্যমে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে ডেটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদ করা হবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এক কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।চুক্তি সই অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাইটসেভারসের কর্মসূচি ব্যবস্থাপক রিফাত শাহপার খান, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম খান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মাহফুজুল হক এবং পরিচালক (কার্যক্রম) শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।