দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক ওয়েবসাইটের উদ্বোধন
ওয়েবসাইটে ঢুকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, প্রশিক্ষণ, চাকরি, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার খবর সহজেই সংগ্রহ করতে পারবেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তিরা বিবিসি বাংলা ওয়ার্ল্ড, এবিসি রেডিও এবং প্রথম আলো শ্রুতির খবরাখবরও পাবেন। স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা যাতে সহজে ওয়েবসাইটটির অক্ষরগুলো পড়তে পারেন, সে জন্য অক্ষর ছোট-বড় করার পদ্ধতিও আছে।বাংলাদেশে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রবেশগম্য এই ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে www.aipwd.info। ওয়েবসাইটটি কিবোর্ড পরিচালিত। ইংরেজি এবং বাংলা ইউনিকোড ব্যবহার করে তৈরি করা হয়েছে এ ওয়েবসাইটটি। এবি ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অর্গানাইজেশন ফর ডিসঅ্যাবলড্ অ্যাডভান্সমেন্ট (বোডা) এটি তৈরি করেছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। এতে সভাপতিত্ব করেন বোডার চেয়ারম্যান সায়েদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন নার্গিস সুলতানা, নাজমুন নেছা আলী, এডিডির দেশীয় পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বোডার নির্বাহী পরিচালক এম খলিলুর রহমান, ওয়েব ডেভেলপার পরমেশ্বর রায়, সহযোগী সমন্বয়ক এ এস এম আশিকুর রহমান ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।