দৃষ্টিপ্রতিবন্ধীরা অন্তর্দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখেন
দৃষ্টিপ্রতিবন্ধীরা অন্তর্দৃষ্টি দিয়ে পৃথিবীকে নিজের মতো করে দেখেন। তাঁরা এ সমাজেরই অংশ, তাঁদের বাদ দিয়ে কখনো সমাজ এগিয়ে যেতে পারে না।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের কোরআন তিলাওয়াত, ইসলামি সংগীত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে ডিজেবল এডুকেশন, স্পোর্টস, ট্রাভেলস অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ডেস্টকো)। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় দৃষ্টিপ্রতিবন্ধীদের খেলাধুলা, শিক্ষাসফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের আশপাশে যাঁরা আছেন, তাঁদের সামান্য সহযোগিতাই পারে এঁদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সমাজের সবার ছোট ছোট সহযোগিতার মাধ্যমেই তাঁরা নিজেরা আলোকিত হচ্ছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলো খবর প্রকাশের গতানুগতিক কাজের বাইরেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময় প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধীরা একদিকে অক্ষম থাকলেও অন্য অনেক দিকে দক্ষ থাকেন। তাঁদের দক্ষতার জায়গাগুলো উন্মোচন করতে হবে।
ডেস্টকোর সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাসুদ আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ইফতেখারুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় ছিল প্রথম আলো ও ফকির নিটওয়্যার লিমিটেড।
তিনটি প্রতিযোগিতায় দুটি করে বিভাগে মোট ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়। কোরআন তিলাওয়াতে দুটি বিভাগে প্রথম হয়েছেন যথাক্রমে তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন শরীফ, ইসলামি সংগীতে মাফিয়া আক্তার ও মীর আজিজুল হক, রচনায় কাকলী আক্তার ও মুহাম্মদ আল ইমরান।