>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

শেষ বিকেলের আলোয় ডুবে যাওয়া নিঝুম শহর দেখি আনমনে। গাছগুলো কী ভীষণ সবুজ হয়ে ওঠে দিনে দিনে! সারা দিনের তীব্র রোদে পুড়ে গরম ভাপ ছাড়ে ধীরে, শ্বাস ছাড়ে সন্তর্পণে। এ শহরে এত পাখি আছে, ছিল! আগে চোখে পড়েনি তো, আশ্চর্য! পাখিগুলো ওড়ে ডানা মেলে, ঘোরে বৃত্তাকারে মহানন্দে। ঈর্ষায় বুকের ভেতরটা পুড়ে যায়। আহা। কত দিন বাইরে যাওয়া হয়নি আমার, কত দিন পা ফেলিনি সবুজ, নরম ঘাসে, হাঁটিনি ধুলো-কাদায় মাখা পথে! দমবন্ধ লাগে। ইচ্ছা করে ছুটে যাই। ভেঙে ফেলি নিষেধের গন্দম দেয়াল। দীর্ঘশ্বাসে নিয়ন্ত্রণ করি এমন কত কত ইচ্ছার লাগাম। মেরে ফেলি কত স্বপ্নের প্রজাপতি মুখ! আবার কি দেখা হবে প্রিয়-পরিচিত পদ্মার বুকে ভাসা পালতোলা নাও? আবার কি হাঁটা হবে সেই চেনা জংলিফুলের গন্ধমাখা গেঁয়ো পথ ধরে? দেখা কি হবে আবার সেই চেনা মুখগুলো? প্রিয় শিক্ষাঙ্গনের প্রিয় মুহূর্তগুলো আবার কি ফিরে আসবে জীবনে?
ভাবতে পারি না আর। হাহাকারে ভরে ওঠে বুক। প্রতিদিন কত কত মৃত্যু দেখি এখন! অ্যাম্বুলেন্সের বুক কাঁপানো শব্দে ঘুম ভাঙে, জেগে উঠি আবার। শহরের কোলাহল, যানজট, ধোঁয়া কী যে অসহ্য ছিল। অথচ আজকাল সেসবের জন্য বুকের ভেতরটা কেমন পুড়ে যায়, কাতর কান পাতে মন শহরজুড়ে ছড়িয়ে পড়া নিদারুণ হর্নের শব্দতিয়াসে, চোখ অপেক্ষায় থাকে যানজটে স্থবির সেই অসহ্য পথের জন্য, ধোঁয়া আর ধুলোয় ভরা সেই দমবন্ধ হাওয়ার প্রত্যাশায়!
কেউ আসে না আজকাল। আত্মীয়, স্বজন, প্রতিবেশী, কেউ নয়। সবাই দূরে আজ। পাশে থেকেও এই যে দূরত্ব, মানসিক নয়, স্থানিক, তবু এ-ও অসহ্য হয়ে উঠছে দিনে দিনে। পরিচিত, প্রিয় মুখগুলো স্বচোখে দেখায় তৃষ্ণায় ক্রমশ শুকিয়ে উঠছে মন। কত দিন চলবে এই অবরুদ্ধ জীবন। কেউ জানে না। বাচ্চারা বারান্দার গ্রিল ধরে অসহায় তাকিয়ে দেখে মুক্ত প্রকৃতি, পাখির বাধাহীন ওড়াউড়ি। দীর্ঘশ্বাস ফেলে ওরাও বলে, বরং পাখি হলেই ভালো হতো!
শহরটা সবুজ হয়ে উঠছে, ক্রমশ সুন্দর...সুন্দরে চোখ রেখে খানিকটা আনমনা মন, উতলা ভীষণ। হঠাৎ কলবেলের শব্দ জাগিয়ে দেয় চৈতন্যের পলকা দেয়াল। দৌড়ে যাই। কেউ তো আসে না আজকাল! কে এল হঠাৎ?
দরজা খুলতেই পরিচিত মুখ। ঘাম ভেজা, হাঁপিয়ে ওঠা নারীটি গরমে, ছয়তলা সিঁড়ি ভাঙার ক্লান্তিতে, বিধ্বস্ত, বিমর্ষ। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলি, ভেতরে আসুন।
চমকে তাকান। চোখে অবিশ্বাস। আসব? যেন নিজের কানকে বিশ্বাস হয় না তাঁর।
নিরাপদ দূরত্ব রেখে সরে যাই। সোফা দেখিয়ে বলি, হ্যাঁ, আসুন। বসুন।
যেন স্বর্গ পান হাতে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হন, সোফায় বসেন ইতস্তত, অপরাধী ভঙ্গিতে। বিব্রত, বিমর্ষ কণ্ঠে বলেন, একটু পানি হবে? তেষ্টা পেয়েছে ভীষণ!
কোথায় যেন একটা কষ্ট মোচড় দেয়, একটা যন্ত্রণা দলা পাকিয়ে ওঠে। কত দিন এসেছেন তিনি এ বাসায়, আমিও গেছি কত প্রয়োজনে তাঁর কাছে, অথচ অদেখা সামান্য এক অণুজীব কত সহজেই কত যোজন যোজন দূরত্ব তৈরি করে দিয়েছে এই সহজ, স্বচ্ছন্দ সম্পর্কগুলোয়। নারীটি তৃষিতের মতো জলটুকু গিলে নেন এক নিশ্বাসে, প্লেটের খাবারটুকু শেষ করেন বুভুক্ষুর মতো। ক্ষুধাটা তাঁর নগ্ন হয়ে ধরা পড়ে আমার চোখে। দরকার সেরে কৃতজ্ঞ, ধীর পায়ে নারীটি বিদায় নেন। আবার সেই বারান্দায় গিয়ে বসি। ঝিমিয়ে পড়া শহর দেখি। প্রতিদিন বাড়তে থাকা সংক্রমণ গুনি, মৃত্যু গুনি। বাচ্চাদের জন্য, নিজের জন্য, স্বজনের জন্য, প্রতিটি মানুষের জন্য বাড়ে উদ্বেগ, উৎকণ্ঠা। ক্রমশ অসুস্থ হয়ে পড়ে শরীর, মন। তবু প্রাণপণ চেষ্টা করি এই সংকটকালে সুস্থ থাকার, আশপাশের সবাই সুস্থ রাখার। এই সংকট কাটবে, আবার ফিরব সেই মুখোশহীন মুখরতায়, সহজ স্বাধীনতায়, সেই স্বপ্নটুকু বুকের ভেতর লালন করি বেঁচে থাকার প্রত্যয়ে। জানি স্বপ্নটুকুই জীবন, আশাটুকুই মূলত বেঁচে থাকা। স্বপ্নটা সত্যি হবে, আশার কুঁড়িটি ফুল হয়ে ফুটবে অচিরেই, প্রত্যাশায় উন্মুখ দিন গুনি প্রতিদিন।
* শিক্ষক, কথাচিত্রী। [email protected]