দেবর কুপিয়ে হত্যা করেছেন ভাবিকে
রাজধানীতে গতকাল মঙ্গলবার পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। সবুজবাগে দেবর কুপিয়ে হত্যা করেছেন ভাবিকে। শ্যামপুরে মোবাইল ফোনসেট চুরির অভিযোগে রনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়ার কারণে খুন হয়েছেন সার্কিট হাউসের পিয়ন সেলিম।সবুজবাগ থানার পুলিশ জানায়, সবুজবাগে নিহত গৃহবধূর নাম রাবেয়া খাতুন (২৫)। ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, নিহত গৃহবধূর পরিবার সবুজবাগের কুসুমবাগের একটি টিনশেড ঘরে থাকেন। রাবেয়ার দেবর শাহীন ছিলেন বেকার। এসব নিয়ে তাঁদের পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। গতকালও এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাবেয়াকে বঁটি দিয়ে আঘাত করেন শাহীন। এ সময় রাবেয়ার স্বামী মোস্তাফিজ এগিয়ে এলে শাহীন তাঁকেও আঘাত করেন। স্বামী-স্ত্রী চিৎকার শুরু করলে শাহীন পালিয়ে যান। আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাবেয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত মোস্তাফিজের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। শাহীনকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।গত সোমবার রাতে পূর্ব মাদারটেকের বাড়ি থেকে ডেকে নিয়ে সেলিম (২৫) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।নিহত সেলিমের বাবা সাদেক আলী সাংবাদিকদের জানান, গত সোমবার ছেলে সানের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে দিনভর ব্যস্ত সময় কাটায় সেলিম। রাত সাড়ে আটটার দিকে কয়েকজন যুবক জরুরি কথা আছে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁরা আর কিছুই জানেন না।তবে থানার পুলিশ বলেছে, সেলিম তাঁর বাড়ি থেকে বের হয়ে পাশেই মিতু নামের এক গৃহবধূর বাসায় যান। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় বের হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন লোকজন। পরে মিতুকেও ওই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত মিতু এখনো হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার করা মিতুর স্বামীর নাম মনির হোসেন। মনির ওষুধ ব্যবসায়ী। মিতু তাঁর দ্বিতীয় স্ত্রী। ধারণা করা হচ্ছে, মিতু ও সেলিম পূর্বপরিচিত। ফল কাটার ছুরি দিয়ে তাঁকে খুন করেছেন মিতু। তবে মিতু হাসপাতালে পুলিশ হেফাজতে সাংবাদিকদের জানান, তিনি সেলিম নামের ওই যুবককে চিনতেন না। কিন্তু সোমবার রাত সাড়ে আটটার দিকে বাইরে থেকে ওই যুবক দরজা খুলতে বলেন। এ সময় পরিচয় জানতে চাইলে বাড়িওয়ালার ছেলে পরিচয় দিলে মিতু দরজা খুলে দেন। সেলিম বাসায় ঢুকেই সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে মিতুর শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন ভয়ে তাঁকে ছুরিকাঘাত করেন বলে মিতু জানান।পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মিতুকে ওই বাসা থেকে আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে রক্তাক্ত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।মিটফোর্ড প্রতিবেদক জানান, রাজধানীর শ্যামপুরের ঢালকানগরে গত সোমবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোহাম্মদ রনি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।পুলিশ জানিয়েছে, গত সোমবার মধ্যরাতে ফরিদাবাদের ৪৬ নম্বর ঢালকানগর লেনের নেসারি কামিল মাদ্রাসার নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে রনির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনির নামে শ্যামপুর থানায় একাধিক মামলা রয়েছে।রনির বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কুমারবাড়ী গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে ৫৬ কুলিবাগান এলাকার কাইয়ুমের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রীর নাম ইতি বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে রনি দ্বিতীয়। তাঁর সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবুর রহমান প্রথম আলোকে বলেন, রনির নামে অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি শ্যামপুর এলাকার নিহত সন্ত্রাসী সুমন গ্রুপের সদস্য। কিছুদিন আগে সুমন প্রতিপক্ষের হাতে খুন হয়। ওই খুনের প্রতিশোধ নিতে প্রতিপক্ষ গ্রুপের ভুট্টু নামের এক সন্ত্রাসীকে ছুরিকাঘাত করে সুমন গ্রুপের লোকজন। ওই ঘটনার জের ধরে রনিকে হত্যা করা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রাজা, মনির, সজল ও পিচ্চি রানা নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, একটি মোবাইল ফোনসেট চুরির ঘটনা নিয়ে রনির বন্ধুরা বাসা থেকে তাঁকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে।