দেরিতে হলেও সব ট্রেন ছেড়ে যাচ্ছে
কপালে দুশ্চিন্তা আর অস্বস্তির ভাঁজ ট্রেনযাত্রীদের বেশ কমই ছিল। কারণ, নির্ধারিত সময়েই গতকাল শুক্রবার ঢাকা ছেড়ে গিয়েছিল আন্তনগর ট্রেনগুলো। তাই কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় থাকলেও ট্রেন নিয়মিত আসা-যাওয়ায় সেটি উপচে পড়েনি।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস কাটানোর পর গতকাল ভোরবেলা থেকে যাত্রীরা এই রেলস্টেশন দুটিতে আসতে শুরু করে। হাজারো যাত্রীর পদচারণে পুরো দিনই সরগরম ছিল সবগুলো প্ল্যাটফর্ম। তবে ট্রেন নিয়মিত চলছে বলে যাত্রীদের ভেতরে কোনো উৎকণ্ঠা ছিল না।
স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা জানান, বিশেষ ট্রেনসহ গতকাল ঢাকা থেকে ৬৯টি ট্রেন ঢাকা ছেড়ে যায়। এর মধ্যে বেলা তিনটা পর্যন্ত ৩০টির বেশি ট্রেন ঢাকা ছেড়েছিল। আর চট্টগ্রাম ও সিলেটের ট্রেনগুলো তো ঢাকা ছাড়তে একটুও অপেক্ষা করেনি। সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী মো. জাহিদ বলেন, ‘আমাদের ট্রেনটি সবচেয়ে আরামদায়ক। ভাড়া বাসের চেয়ে কম। ঠিক সময়ে এসেছি। ঠিক সময়ে পৌঁছাব ইনশা আল্লাহ।’ এই ট্রেন সব সময় ঠিক সময় ধরে চলে বলে তিনি জানান।
তবে রাজশাহী, খুলনা ও জামালপুরগামী ট্রেনগুলো ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর ঢাকা ছেড়েছে। গতকাল সকালে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আধঘণ্টা পর ৭টা ২০ মিনিটে কমলাপুর থেকে রওনা হয়। এর আগে খুলনার সুন্দরবন এক্সপ্রেসও আধা ঘণ্টা পর পৌনে ৭টার দিকে খুলনার দিকে যাত্রা করে। দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার সময় ছিল রাজশাহী এক্সপ্রেসের। কিন্তু সেটি কমলাপুর ত্যাগ করে বেলা দেড়টার দিকে। রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেসের ছাড়া সময় ছিল বেলা ২টা ৪০ মিনিট। কিন্তু ট্রেনটি কমলাপুর এসে পৌঁছায় বেলা আড়াইটার দিকে। জামালপুর কমিউটার ট্রেন বেলা ৩টা ৪০ মিনিটের বদলে ছেড়েছিল ৪টা ৪০ মিনিটে। দিনাজপুরগামী দ্রুত যান এক্সপ্রেস তিন ঘণ্টা দেরিতে চলাচল করছিল। দেরি হলেও বেশ ঠাসাঠাসি করে যাত্রী নিয়েই এই ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন ছেড়ে যায়। আরও কয়েকটি ট্রেনের যাত্রায় সময়ের কিছুটা হেরফের হলেও ট্রেনগুলো যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে গেছে।
এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘দু-একটি ট্রেন কিছুটা সময় পর ছেড়েছে ঠিকই। তবে বড় ধরনের বিপর্যয় হবে না।’
পুরো বিষয়টিকে অবশ্য সহনীয় বলে মনে করছেন ট্রেনযাত্রীরা। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী পারভীন সুলতানা বলেন, ফেরিঘাটে যে ঝামেলা তা ট্রেনে নেই। তাই একটু সময় লাগলেও দুর্ভোগ কম। এ কারণে যাত্রার জন্য তারা ট্রেনই বেছে নিয়েছে।