দেশ গড়ার শপথ নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মাদক ও এসিড-সন্ত্রাসকে ‘না’ বলে এবং এইডস বিষয়ে সচেতন হয়ে দেশ গড়ার শপথ নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আমরা করব জয়’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুই হাত তুলে এ শপথ নেন। প্রথম আলো, মাত্রা ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা অনুষ্ঠানটির আয়োজন করে। বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় আবৃত্তি, গান, নৃত্য ও অতিথিদের সচেতনতামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম বলেন, ‘তরুণেরাই কেবল সব বাধাকে জয় করতে পারে। কিন্তু মাদক এই তারুণ্যকে পঙ্গু করে দেয়।’ তিনি একই সঙ্গে সবাইকে এসিড-সন্ত্রাস থেকে দূরে থাকারও আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর বলেন, মাদক ও এসিড-সন্ত্রাস থেকে দূরে থাকতে সব বিষয়ে ইতিবাচক হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা আবেদা সুলতানা বলেন, মরণব্যাধি এইডস থেকে বাঁচতে হলে এর সম্পর্কে জানতে হবে। অপরকে জানাতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাত্রার সহকারী ব্যবস্থাপক এ বি এম আবু সায়েম, অধ্যাপক এ কে এম মনিরুজ্জামান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যুগ্ম আহ্বায়ক শোভন সাহা। উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের মো. মাকসুদুজ্জামান, মাত্রার মামুনুর রশীদ প্রমুখ। গান পরিবেশন করেন শৈবাল দত্ত, সুমী চক্রবর্তী, টুম্পা দাসসহ আরও অনেকে। বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে ‘আমরা করব জয়’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।