দেশ নিরক্ষরমুক্ত করতে গণজাগরণ সৃষ্টির আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজের সব স্তরের মানুষ নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করলে দেশ ও জাতিকে নিরক্ষরমুক্ত করা সম্ভব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে উপযোগী সব শিশুকে স্কুলে ভর্তি করা হবে। তবে সাক্ষরতা অর্জন এবং শতভাগ শিশুকে স্কুলে ভর্তি করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ কাজে জনপ্রতিনিধি, পেশাজীবী, সমাজকর্মী, ব্যবসায়ী, এনজিওকর্মীসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, লিখতে পারা, পড়তে পারা ও গুনতে পারাই সাক্ষরতা অর্জনের আসল উদ্দেশ্য নয়। একজন সাক্ষর মানুষের জীবনমানের সার্বিক প্রয়োজনে শিক্ষাকে প্রয়োগ করতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক রেজাউল কাদেরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মো. শহীদ খান, অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম, যুগ্ম সচিব মো. শাহ কামাল, সেইভ দ্য চিলড্রেনের এম হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বে ৭৭৬ মিলিয়ন নিরক্ষর মানুষ আছেন এবং প্রতি পাঁচজন বয়স্ক লোকের মধ্যে একজন নিরক্ষর। বর্তমানে দেশের শিক্ষার হার ৫২ দশমিক ৪৯ শতাংশ। দেশে ১১-৪৫ বছর বয়সী নিরক্ষর জনসংখ্যা তিন কোটি ৭৩ লাখ।