দেশকে যারা এগিয়ে নেবে তারা ‘কারাগারের রোজনামচা’ পড়ছে
২০৩০ সালে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের দিনগুলো নিয়ে লেখা কারাগারের রোজনামচা বইটি পড়েছেন। পরিবার-পরিজন রেখে বঙ্গবন্ধু কারাগারে নিদারুণ অবস্থায় কাটিয়েছেন বইটি পড়ে সেই ইতিহাসই জেনেছে বর্তমান প্রজন্ম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা পাঠ এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। পুলিশের তেজগাঁও বিভাগ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
পুলিশের তেজগাঁও বিভাগের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠ এবং তা নিয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় আহ্বান জানানো হয়েছিল করোনার আগে ২০১৯ সালে। তবে বিভিন্ন কারণে তা এত দিন থেমেছিল। কুইজ প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৪৩৯ জন শিক্ষার্থী পূর্ণ ১০০ নম্বর পান। গতকাল তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণি থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি (বিপ্লব কুমার সরকার) নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে নতুনভাবে চিনিয়ে দিলেন। তাদেরও বঙ্গবন্ধুর ত্যাগের কাজ জানতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধুর যে টান পরিবার-পরিজনকে রেখে তিনি জেলখানায় নিদারুণ অবস্থায় কাটিয়েছেন সেটাই তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রোজনামচা নিয়ে কথা বলতে হলে বঙ্গমাতার (ফজিলাতুন্নেছা মুজিব) কথা বলতে হয়।
বঙ্গমাতা সব সময় বঙ্গবন্ধুকে প্রতিদিনের ঘটনা লেখার জন্য হাতে ডায়েরি তুলে দিতেন। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর তার বাড়ি তছনছ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর লেখা একটি ডায়েরি বাড়ির এক কোনায় পড়েছিল। সেটি সংগ্রহ করে বঙ্গবন্ধু কন্যা (শেখ হাসিনা) বই প্রকাশ করেন। বঙ্গবন্ধু জীবনে ৩ হাজার ৫৩ দিন জেল খেটেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিনে দেশ স্বাধীনতা হয়নি। এ জন্য গ্রামের পর গ্রাম জ্বলেছে, লাশের পর লাশ পড়েছে। ৩০ লাখ মানুষের রক্তের আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা সেই ধারায় যাচ্ছে বলেই সবই দ্রুততম গতি পাচ্ছে। বঙ্গবন্ধু যেগুলো স্বপ্ন দেখতেন, ঘোষণা করতেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব বাস্তবায়নে দূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ৫০ বছর আগেও দেশের মানুষ ক্ষুধাকে নিয়তি মনে করতেন। চৈত্র মাসে বাংলায় নীরব দুর্ভিক্ষ ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় তিন বেলা খেতে পারবে এটা কারও প্রত্যাশা ছিল না। ত্রাণকর্তা ও মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ৫০ জনমের কাজ করে দেশকে এগিয়ে নিয়েছেন। তার জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। কারাগারের রোজনামচা পড়লে কারাগারের জীবন বঙ্গবন্ধুকে কতটা বঞ্চনা দিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী শিক্ষার্থী, তাদের মা-বাবা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।