দেশি-বিদেশি পুষ্টিবিদেরা তীব্র অপুষ্টির শিকার শিশুদের জন্য সস্তায় দেশি উপাদানের ‘ব্যবহারের জন্য প্রস্তুত পথ্য’ (রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড—আরইউটিএফ) সরবরাহের পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, অপুষ্টি মোকাবিলায় সরকারগুলোকে আরও তৎপর হতে হবে।গতকাল রোববার আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) অনুষ্ঠিত তীব্র অপুষ্টি ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্টিবিদেরা এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি ও আইসিডিডিআরবি যৌথভাবে চার দিনব্যাপী এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছে।আইসিডিডিআরবির পুষ্টি কর্মসূচির প্রধান তাহমিদ আহমেদ বলেন, দেশে পাঁচ বছরের কম বয়সী যত শিশু মারা যায়, তার একটি উল্লেখযোগ্য অংশ তীব্র অপুষ্টির শিকার। গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি, জন্মের সময় শিশুর কম ওজন, ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ না খাওয়ানো এবং তার পর থেকে সম্পূরক খাবার না খাওয়ানো, ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক ব্যাধি শিশু অপুষ্টির কারণ। তিনি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, আফ্রিকার কয়েকটি দেশের চেয়েও বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি নাজুক। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী কোনো বড় কর্মসূচি নেই।অনুষ্ঠানে পুষ্টিবিদেরা বলেন, তীব্র অপুষ্টির শিকার শিশুদের শনাক্ত করার সহজ উপায় আছে। এসব শিশুর ৮৫ শতাংশকে বাড়িতে রেখে সেবা দেওয়া সম্ভব। বাকি ১৫ শতাংশ শিশুকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়।তীব্র অপুষ্টির শিকার শিশুদের চিকিৎসায় আরইউটিএফের ব্যবহার নিয়ে একাধিক বক্তা তাঁদের মতামত তুলে ধরেন। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পুষ্টি বিশেষজ্ঞ উমেশ কাপিল বলেন, ভারতের বিজ্ঞানীরা দাবি করছেন, বাণিজ্যিক আরইউটিএফ ও দেশি আরইউটিএফের গুণগত মানে তফাত নেই। তিনি জানান, ইউনিসেফ ভারতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তৈরি বাণিজ্যিক আরইউটিএফ সরবরাহের চেষ্টা করেছিল। প্রতিরোধের মুখে তা ফিরিয়ে নিতে বাধ্য হয়।তাহমিদ আহমেদ জানান, তাঁরা গবেষণায় দেখেছেন, দেশি দানাদার শস্য, সবজি, ডাল ও তেল দিয়ে তৈরি আরইউটিএফ (খিচুড়ি/হালুয়া) শিশুর তীব্র অপুষ্টি দূর করতে সক্ষম। এতে খরচও কম। বিশ্ব খাদ্য কর্মসূচির জ্যেষ্ঠ কর্মসূচি পরামর্শক রিতা ভাটিয়া বলেন, স্বদেশি খাদ্য সরবরাহের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু অপুষ্টির শিকার শিশুদের কাছে এ পথ্য এখনো পৌঁছে দেওয়া যায়নি। এই সমস্যা মোকাবিলায় দেশি-বিদেশি নেতাদের অঙ্গীকারের ঘাটতি আছে। তিনি অভিযোগ করেন, দরিদ্ররা অপুষ্টির শিকার হয় বলে এজন্য অর্থ বরাদ্দও কম। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, এ দেশের মানুষ অপুষ্টির সমস্যা মোকাবিলায় সক্ষম হবে। কর্মশালায় আরও বক্তব্য দেন আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের পরিচালক হাবিবে মিল্লাত, স্বাস্থ্য অধিদপ্তরের উপমহাপরিচালক সাইফুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার পরামর্শক কুনাল বাগচী প্রমুখ। চার দিনের কর্মশালায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুরের শিশু স্বাস্থ্য ও পুষ্টিবিদেরা অংশ নিচ্ছেন।