দেশি কাপড়ে দেশজ সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় বইয়ের দোকান আর আড্ডার জন্য বিখ্যাত ছিল শাহবাগের আজিজ সুপার মার্কেট। কিন্তু সময়ের বিবর্তনে বইয়ের দোকানগুলোর জায়গা দখল করেছে বিভিন্ন ফ্যাশন হাউস। শপিং মল আর মার্কেটগুলোর মতোই ঈদের আগে তাই জামা-কাপড় কেনার ভিড় জমেছে আজিজ সুপার মার্কেটেও। তবে পার্থক্য হলো বেশির ভাগ দোকানে যেখানে বিদেশি কাপড়ের কেনাবেচা, আজিজ মার্কেটে সেখানে মিলবে কেবল দেশি কাপড়। আজিজ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, নিচতলা থেকে তিনতলা বেশির ভাগ দোকানই সেজেছে ঈদের সাজে। ফ্যাশন হাউসগুলো ঈদ উপলক্ষে এনেছে নানান রঙের নানান বৈচিত্র্যের দেশি কাপড়। সুতি, খাদি, তাঁত এমনকি মসলিনের পোশাকও পাওয়া যাচ্ছে আজিজে। আজিজের দোকানের নামগুলোও সুন্দর। দেশাল, নিত্য উপহার, প্রচ্ছদ, বরন, ক্যানভাস, গাঁওগেরাম, রঙ্গিন ফুল, স্বপ্নবাজ, লোকজ, দাঁড়কাক, যোগী, প্রজাপতি, দেশিয়া, আরশি, ঐতিহ্য, কৃষ্ণকলি, মেঘ, ঢাকঢোল, যুগান্তর, কিংবদন্তী, অতশী, কাকতাড়ুয়া, শাদামাটা, বাংলার রং, ১৯৭১, বাঙ্গাল, ফেরিওয়ালা—এমনি সব নাম আজিজের ফ্যাশন হাইজগুলোর। জানা গেল, এখানে সর্বমোট ১৭৮টি কাপড়ের দোকান রয়েছে। এ ছাড়া ক্রে ক্র্যাফট, লাল সাদা নীল হলুদ, বিবিয়ানার মতো প্রতিষ্ঠানও এখন আজিজ সুপার মার্কেটে শো-রুম দিয়েছে। ফলে এক ছাদের নিচেই এখন পাওয়া যাচ্ছে দেশি কাপড়ের সব পোশাক। তবে কয়েকজন দোকানদার ক্ষোভও প্রকাশ করলেন। বললেন, মাস খানেক আগেও যেখানে অন্য দোকান ছিল, ঈদকে সামনে রেখে তারাও ফ্যাশন হাউস বানিয়ে ফেলেছে। এসব দোকানের কাপড়ের মান নিয়েও প্রশ্ন তুললেন অনেকে। আজিজের পোশাকের দোকানগুলোর মধ্যে পরিচিত একটি নাম দেশাল। সব সময়েই এখানে ভিড় লেগে আছে। বিশেষ করে তরুণীরা তাঁদের জামা কিনতে ভিড় করছেন এখানে। ভিড় দেখা গেল নিত্য উপহারের টি-শার্ট আর শাড়ির দোকানেও। বিক্রেতারা জানালেন, এখানকার সব দোকানেই মিলবে দেশি পোশাক। নরসিংদীর তাঁত, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্কসহ ঐতিহ্যবাহী সব পোশাকই আছে।ছেলেদের শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া, মেয়েদের সালোয়ার-কামিজ, টপস, ফতুয়া সবই পাওয়া যাবে আজিজে। শিল্পী কাইয়ুম চৌধুরী ও হাশেম খানের চিরায়ত ভঙ্গির আধুনিক মিশেলে আঁকা লোকজ নানা শাড়ি বিক্রি হচ্ছে নিত্য উপহারে। শিল্পী চন্দ্র শেখর সাহা, ধ্রুব এষ, সব্যসাচী হাজরা ও মাহবুবুর রহমানের ডিজাইনে নকশিকাঁথা, স্থাপত্য নকশা, ক্যালিওগ্রাফিসহ নানা শাড়িও পাওয়া যাবে এখানে।কল্পতরু ফ্যাশন হাউসের কর্ণধার আফসানা শর্মি বলেন, তাঁতের কাজ করা থ্রি-পিস, অ্যান্ডি সিল্কের জামা, তাঁতের ফতুয়া, পাঞ্জাবি, খাদির পাঞ্জাবি সবই পাওয়া যায় তাঁর দোকানে। অন্যান্য দোকানেও এসব পাওয়া যাবে। তবে কল্পতরুর বিশেষ বৈশিষ্ট্য হলো মসলিনের হাতের কাজ করা শাড়ি ও ওড়না। হাতের কাজ করা শাড়ির দাম সাড়ে তিন হাজার টাকা। ওড়না ৪৫০ টাকা। কাপড়-ই বাংলার কর্ণধার মুরসালিন বিথুন বলেন, ঈদের আগে বিদেশি কাপড়ের এই যুগে দেশজ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে আজিজ। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সব রকমের পোশাকই পাওয়া যাবে এখানে। আজিজের একটি বৈশিষ্ট্য হলো বেশির ভাগ দোকানে খাদি কাপড়ের পোশাক পাওয়া যাবে। তাঁর তিনটি দোকানে ফতুয়া, থ্রি পিস সবই পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে এত বড় দেশি মার্কেট আর কোথাও পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। নিত্য উপহারের মালিক রাশেদুল হাফিজ জানালেন, অনেক তরুণই এখন আজিজে আসছেন দেশি কাপড়ের ব্যবসা করতে। সবাই যদি তাদের পোশাকের যথাযথ মান ধরে রাখে তাহলে এই শিল্পের মান বাড়বে। এ ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। কেবল ব্যবসার খাতিরে যা-তা বিক্রি করা উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলোর বড় ক্রেতা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাতিলা শারমিন এই কথা জানিয়ে বললেন, ঈদে বাড়ি যাবেন। ক্যাম্পাসের খুব কাছাকাছি হওয়ায় হেঁটে চলে এসেছেন। বাড়ির সবার জন্য এখান থেকেই তিনি কেনাকেটা করবেন বলে জানালেন।