শেকড়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে হবে। সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বিশ্বায়নের যুগে স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সদস্য প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, সংস্কৃতি এখন পুঁজিবাজারে পরিণত হয়েছে। প্রযুক্তির আগ্রাসী প্রভাব পড়ছে দেশীয় সংস্কৃতিতে।দেশীয় সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখতে পারিবারিক সদিচ্ছা, সামাজিক দায়বদ্ধতা এবং নিজের শেকড়ের প্রতি ভালোবাসাকে জাগ্রত করতে হবে।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সমাজ গতিশীল। বিভিন্ন দেশের সংস্কৃতির মিথস্ক্রিয়ায় বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। কিছুতেই তা হারিয়ে যেতে দেওয়া যাবে না।বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোইকি টমেটা বলেন, নিজের সংস্কৃতির স্বকীয়তা নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে।জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শওকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।