জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে অতিদরিদ্রের সংখ্যা বেড়ে গেছে। বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নিয়ে এ সংখ্যা কমিয়ে আনা যাবে না। এই জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে চেষ্টা করতে হবে। গতকাল শনিবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।আন্তর্জাতিক খাদ্য দিবস উপলক্ষে ডেইলি স্টার-এর কার্যালয়ে ‘অতি দারিদ্র্য বিমোচন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, দেশে প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার ফলে দারিদ্র্য কমেছে ঠিকই, তবে বৈষম্য বেড়েছে। বিশ্বব্যাংকের এক হিসাবে দেখা গেছে, বর্তমানে দেশের ৩৮ শতাংশ মানুষ দরিদ্র। ২০০৭-০৮ সালে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম না বাড়লে দারিদ্র্যের হার ৩৫ শতাংশে নেমে আসত।ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, সত্যিকার অর্থে দারিদ্র্য নিয়ে দেশে আলোচনা কম। এর হার কমলেও জনসংখ্যা বৃদ্ধির ফলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এ অবস্থায় দারিদ্র্য বিমোচনে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে দরিদ্র মানুষকে যুক্ত করতে হবে।মূল প্রবন্ধ উপস্থাপনকালে ব্র্যাকের সহযোগী পরিচালক রাবেয়া ইয়াসমিন বলেন, ২০০৫ সালের পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশের প্রায় ১০ শতাংশ মানুষ অতিদরিদ্র। খাদ্য কেনার জন্য তারা মাসে ৫৫৪ টাকার বেশি ব্যয় করতে পারে না। দেশের অতিদরিদ্র মানুষের ওপর পরিচালিত ব্র্যাকের একটি জরিপের তথ্য তুলে ধরে রাবেয়া বলেন, এদের ৫৪ শতাংশ ভূমিহীন, ৫০ শতাংশ দুই বেলা খেতে পারে না এবং ৭০ শতাংশ মানুষ অনিয়মিত শ্রমের ওপর নির্ভরশীল। মাত্র ৩ শতাংশ মানুষ সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত থাকার সুযোগ পেয়েছে।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘একাত্তর সালের পর আমরা ভেবেছিলাম, দেশ থেকে দারিদ্র্য দূর হয়ে যাবে, কিন্তু কমেনি। জনসংখ্যা বেড়ে যাওয়ায় দারিদ্র্য বিমোচন কঠিন হয়ে পড়ছে।’ নির্বাচিত স্থানীয় সরকারের সঙ্গে ব্র্যাকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার কাজের সমন্বয় করার পরামর্শ দেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, কৃষি ও শিল্প বিপ্লবের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থার পরিবর্তন করতে হবে।পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, এনজিও দিয়ে সামগ্রিক দারিদ্র্য বিমোচন হবে না; সরকারকে দায়িত্ব নিতে হবে। কোরিয়ার ৮৬ শতাংশ মানুষের কারিগরি প্রশিক্ষণ থাকলেও বাংলাদেশে এই হার ৩ শতাংশ। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।ব্র্যাকের পরিচালক শীপা হাফিজা কাজ করতে গেলে সমালোচনা হবে মন্তব্য করে বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে হবে সমন্বিতভাবে।বৈঠকে আরও বক্তব্য দেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, স্টেট বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের পরিচালক মেজর জেনারেল (অব.) শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নাজমা বেগম।