বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, বাংলাদেশের জনগণের জীবনে যে সংকট সৃষ্টি হয়েছে, তার সমাধানের জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন দরকার। তিনি বলেন, মানুষের ভাত, কাপড়, জমি ও সারা বছরের কাজ নিশ্চিত করার জন্য পরিবর্তন প্রয়োজন। গতকাল রোববার অক্টোবর বিপ্লবের ৯৩তম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের সামনে আয়োজিত সমাবেশে সিপিবির সভাপতি এ কথা বলেন। সিপিবির নেতা আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সিপিবির নেতা হায়দার আকবর খান রনো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, শ্রমিক নেতা আসলাম খান প্রমুখ । মনজুরুল আহসান খান বলেন, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো সামরিক সরকার এবং কখনো আধা-সামরিক সরকার দিয়ে দেশ ও দেশের মানুষের সংকট সমাধান করা যাবে না। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল চেতনায় শোষণমুক্তির পথ হিসেবে জাতীয় চার মূল নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে তা ক্ষমতার দ্বন্দ্বের লড়াইয়ে মুক্তিযুদ্ধের ধারা থেকে সরে গিয়ে সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধহীন হয়ে পড়েছে। এখন দেশে দেশপ্রেমিক, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা দরকার।