দেশে প্রায় ৩০ লাখ শ্রবণপ্রতিবন্ধী মানুষ রয়েছে। আরও প্রায় ৫০ লাখ মানুষের আছে কোনো না কোনো মাত্রায় শ্রবণহীনতা। জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউটের সভাকক্ষে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় এ তথ্য জানানো হয়।
৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইএনটি এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট (সিডিডি) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বক্তব্য দেন। সভায় জানানো হয়, দেশে এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ৫৫০ জনের মতো। অর্থাৎ, এ ক্ষেত্রে গড়ে প্রতি তিন লাখ মানুষের জন্য একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন।
অনুষ্ঠানে ‘শ্রবণক্ষমতা হ্রাস প্রতিরোধের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিডির কেপাসিটি বিল্ডিং কর্মকর্তা শেখ মো. ফয়সাল হোসেন। তিনি বলেন, বাংলাদেশে ৬০ ডেসিবেলের চেয়ে নিম্ন তীব্রতার শব্দ শুনতে না পাওয়া ব্যক্তিকে শ্রবণপ্রতিবন্ধী বলে। মানুষ গড়ে ২৫ ডেসিবল বা তার ওপরের মাত্রার শব্দ শুনতে পায়। বিশ্বে ৫ শতাংশের বেশি মানুষের কোনো না কোনো মাত্রায় শ্রবণহীনতা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি ২৭ শতাংশ। আর বাংলাদেশে ৩৩ শতাংশ।
প্রবন্ধে বলা হয়, দেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য মাত্র আটটি বিশেষ বিদ্যালয় আছে। এখানে সব মিলিয়ে ১ হাজার শিক্ষার্থীর পড়ার সুযোগ রয়েছে। মাধ্যমিক বা তার ওপরের স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রবণপ্রতিবন্ধীদের অংশগ্রহণ প্রায় শূন্যের কোটায়। শিক্ষার অভাবে এরা দক্ষ জনগোষ্ঠীতে পরিণত হতে পারছে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহমুদুল হাসান। তিনি বলেন, অনেকে জন্মগতভাবে কানে শোনেন না। আবার অনেকে দুর্ঘটনা বা নানা রোগের কারণে শ্রবণশক্তি হারান। আবার অনেকে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন অসচেতনতা, অজ্ঞতা ও অবহেলার কারণে। পরিবারে মা-বাবার কারণেও অনেক শিশুর শ্রবণ সমস্যা হয়।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে অনেক মানুষের শ্রবণশক্তি নষ্ট হওয়ার জন্য শব্দদূষণকে দায়ী করেন। তাঁরা বলেন, এ ক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। সঞ্চালনা করেন আনিকা রহমান।