দেশের মানুষ প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি লবণ খায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকেরা বলেছেন, বাংলাদেশের মানুষ প্রয়োজনের তুলনায় দ্বিগুণের বেশি লবণ খায়। এ কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি বেশি মানুষ হৃদ্রোগ ও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান ডব্লিউবিসি ট্রাস্ট গতকাল রোববার কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে অতিরিক্ত লবণ পরিহার’ শীর্ষক এই সেমিনারে বিশেষজ্ঞরা পাতে আলাদা লবণ না খাওয়া, তরকারিতে লবণের ব্যবহার কমানো এবং প্যাকেট খাবারে লবণের ব্যবহার নিয়ন্ত্রণের সুপারিশ করেন। সেমিনারে লবণের ব্যবহার নিয়ন্ত্রণে নীতি ও আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবিও তোলা হয়।
মূল প্রবন্ধে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড সায়েন্সের উপাচার্য লিয়াকত আলী বলেন, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। উচ্চ রক্তচাপ বিশ্বে প্রতিবছর ৯০ লাখ মানুষের মৃত্যু ঘটায়। মজবুত হাড়ের জন্য ক্যালসিয়াম অমূল্য উপাদান। কিন্তু অতিরিক্ত লবণ খেলে ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে যায়। এতে হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে হাড় পাতলা হয়ে যায়। তিনি আরও বলেন, গবেষণায় প্রমাণিত যে লবণ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া অতিরিক্ত লবণের সঙ্গে রক্তে অতিরিক্ত গ্লুকোজও ঢুকে পড়ে, যা ক্ষতিকর।
চিপস, ক্র্যাকার্স, কেচআপ, লবণ-বাদাম, পনিরসহ প্রক্রিয়াজাত খাবার সংরক্ষণে সোডিয়াম বা লবণ মেশানোয় খাবারগুলো স্বাস্থ্যের জন্য খারাপ বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার মোস্তফা জামান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালের মধ্যে দেশে লবণ খাওয়ার মাত্রা ৩০ ভাগ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তিনি শসা, বরই, তেঁতুল, কাঁচা আম, আমলকী, আমড়া, জলপাই—এ জাতীয় ফল লবণ দিয়ে খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার কথা বলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, জাপান লবণের ব্যবহার কমিয়ে স্ট্রোকে মৃত্যুর হার ৮০ ভাগ পর্যন্ত কমিয়ে এনেছে। ১৯৬০ সালে দেশটির মানুষ প্রতিদিন ১৫ থেকে ১৬ গ্রাম লবণ গ্রহণ করত। তখন জাপানে মৃত্যুর হারও বেশি ছিল।
লবণ নিয়ন্ত্রণে আইন প্রণয়ন ও এর প্রয়োগ জরুরি বলে মন্তব্য করেন বারডেমের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের প্রধান শুভাগত চৌধুরী। যক্ষ্মা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নাটাবের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক এ এইচ এম এনায়েত হোসাইন, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।