দেশের মানুষকে জিম্মি করে পরিবহন ধর্মঘট কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার ও ধর্মঘটের নামে পরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইস্যুতে পরিবহন ধর্মঘটের নামে পরিবহন খাতে নেতৃত্বদানকারী সংগঠনগুলো দেশের মানুষকে জিম্মি করছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে দেশে পরিবহন খাতে নৈরাজ্য আরও বাড়বে। তিনি পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি আদায়ের জন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের অনুরোধ করেন।

বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার ও ধর্মঘটের নামে পরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী এসব কথা বলেন। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

মোজাম্মেল হক চৌধুরী জানান, নিবন্ধিত সংগঠনগুলোর আন্দোলন ও দাবি আদায়ের নিয়মনীতি থাকলেও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো কথায় কথায় ধর্মঘট করছে। তিনি পরিবহন সংগঠনগুলোর নেতাদের প্রশ্ন করে বলেন, দেশের মানুষকে জিম্মি করে পরিবহন ধর্মঘট কেন? গত দুই দিনে পরিবহন ধর্মঘটের কারণে হাজারো যাত্রীকে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, এ ধর্মঘটের মাধ্যমে পরিবহন মালিকেরা জনগণকে জিম্মি করে তাঁদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নেবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আরও জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে জনগণকে আরেক দফা সংকটে ঠেলে দেওয়া হয়েছে। ছয় লাখ কোটি টাকার জাতীয় বাজেটে জ্বালানি খাতে মূল্য না বাড়িয়েও ছয় হাজার কোটি টাকা বছরে ভুর্তকি দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে। তিনি অনতিবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য শরীফুজ্জামান, সহসভাপতি তাওহীদুল হক, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক উপস্থিত ছিলেন।