দেশের সব মহাসড়ক ধাপে ধাপে চার লেন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, রাজধানীর যানজট কমাতে এবং ঢাকার বাইরে উন্নত এলাকাগুলোতে মানুষের যাতায়াত সহজ করতে দেশের সব মহাসড়ক ধাপে ধাপে চার লেনে উন্নীত করা হবে।তিনটি সড়ক চার লেনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।যে তিনটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো: জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-হাটিকুমরুল, ফরিদপুর-বরিশাল ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা সড়ক। এই সড়ক তিনটি এখন দুই লেনবিশিষ্ট। চার লেন করার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।যোগাযোগমন্ত্রী বলেন, ২০১২ সালে এই তিনটি সড়ক চার লেন করার কাজ শুরু হবে। সড়কগুলো চার লেন হলে প্রস্তাবিত পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতু দিয়ে যোগাযোগ সম্প্রসারণ হবে।কর্মশালায় অংশ নেওয়া যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এই সড়ক তিনটি কৃষিজমির ওপর দিয়ে গেছে। চার লেন করতে হলে বিপুল পরিমাণ কৃষিজমি অধিগ্রহণ করতে হবে। কীভাবে কৃষিজমি বাঁচিয়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান সড়কের পাশ থেকে মাটি না কেটে, নদী খনন করে দূর থেকে মাটি এনে তা ব্যবহারের ওপর মত দেওয়া হয়। সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয়েছে, এই তিনটি সড়ক চার লেন করা হলে মংলা বন্দরের সদ্ব্যবহার করা যাবে। সড়ক দুর্ঘটনাও অনেকাংশে হ্রাস পাবে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন প্রমুখ।এ ছাড়া প্রকল্প পরিচালক, সওজের কর্মকর্তা ও এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।