দেশের সেরা রাজউক উত্তরা মডেলে শুধুই আনন্দ
কান ফাটানো চিৎকার, আলিঙ্গন আর বাদ্যবাজনা। শুধুই আনন্দে ভেসে যাওয়া। গতকাল বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে প্রায় সারা দিন রাজউক উত্তরা মডেল কলেজের চিত্র ছিল এ রকমই। সারা দেশের মধ্যে প্রথম স্থান পাওয়া বলে কথা!এ বছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক হাজার ৫০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৯১ শিক্ষার্থী। এর মধ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগের ৬১৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৭৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৮৪ জন শিক্ষার্থী। মানবিক বিভাগের ৭৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। সেই হিসাবে এবার এইচএসসি পরীক্ষায় কলেজটির জিপিএ-৫ পাওয়ার হার ৮৪ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের ৫১ দশমিক ৪৪ শতাংশ থেকে যা অনেক বেশি।গতকাল দুপুরে কলেজে গিয়ে দেখা যায়, তুমুল আনন্দ- উৎসব করছেন শিক্ষার্থীরা। ফল ঘোষণার পর থেকেই চলছে বিরামহীন আনন্দ। কেউ ব্যান্ড বাজিয়ে উল্লাস করছেন। কেউ আবার বন্ধুর পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছেন। সবার মাথায় রঙিন কাগজের টুপি। কলেজের নামে স্লোগানও দেন কেউ কেউ। আনন্দে অংশ নেন অভিভাবক-শিক্ষকেরাও।জিপিএ-৫ পাওয়া বিজ্ঞান বিভাগের ছাত্র রাফসান আহমেদ এ সময় প্রথম আলোকে বলেন, ‘এই সাফল্যের জন্য আমার মা ও কলেজের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমার বাবা মারা গেছেন। আজ উনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তাই এই সাফল্য তাঁকেই উৎসর্গ করছি।’জিপিএ-৫ পাওয়া আরেক ছাত্রী নাসরিন ইসলাম বলেন, ‘অ-নে-ক খুশি। নিজের একাগ্রতা আর কষ্টের ফল পেলাম। এবার ডাক্তার হওয়ার মিশন শুরু।’কলেজ প্রাঙ্গণে মধ্যবয়সী দুই বান্ধবী শিরিন নাহার ও মোজেনুন নাহার কোলাকুলি করছিলেন। কথা বলে জানা গেল, তাঁদের দুজনের মেয়ে সাবরিনা ইসলাম ও নাজমুন নাহারও একে অপরের বন্ধু। দুজনেই জিপিএ-৫ পেয়েছেন, তাই এই আনন্দ।দুপুর ১২টার পরপরই শিক্ষার্থীরা মুঠোফোনে যাঁর যাঁর ফলাফল জানতে পারলেও কলেজ কর্তৃপক্ষ নিজেদের মেইল কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল ডাউনলোড করতে পারছিলেন না। এতে আনন্দে কিছুটা ভাটা পড়ে।কলেজের অধ্যক্ষ এ এস এম মুশফিকুর রহমান এই সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটা সুন্দর ও চমৎকার অনুভূতি। কল্পনাই করিনি, নতুন পদ্ধতিতে ক্যাডেট কলেজগুলোকে পেছনে ফেলে আমরা সেরা হব। কিন্তু আমাদের শিক্ষার্থীরা এটা করে দেখিয়েছে। এ সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজসংশ্লিষ্টদের অবদান আছে। এ জন্য তাঁদের অভিনন্দন।’গত বছর এইচএসসিতে রাজউক কলেজ সারা দেশে চতুর্থ হয়েছিল। তখন পাসের হার ছিল ৯৯ দশমিক ১৭ শতাংশ। ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৯৮ জন।