দেশের ৭৮ শতাংশ শিশু রক্তস্বল্পতায় ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশে ছয় থেকে ৩৫ মাস বয়সী শিশুদের ৭৮ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে। গর্ভবতী মায়েদের ৫৩ শতাংশ ও স্তন্যদায়ী মায়েদের ৫৫ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) দেশের ছয়টি উপজেলায় ৩৫০টি শিশু, ৩৫৮ জন গর্ভবতী মা ও ৩৬০ জন স্তন্যদায়ী মায়ের ওপর জরিপ করে এ তথ্য দিয়েছে। গতকাল বৃহস্পতিবার আইসিডিডিআরবিতে অনুষ্ঠিত সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই জরিপ করা হয়।আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী আহমেদ শফিকুর রহমান জরিপের তথ্য উপস্থাপনের সময় বলেন, দেশের ১৬টি উপজেলায় মা ও শিশুদের (৬-৩৫ মাস বয়সী) পুষ্টি নিরাপত্তার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রকল্প বাস্তবায়নের আগে পুষ্টি-পরিস্থিতি জানতে এই জরিপ করা হয়। তিনি বলেন, ছয়টি উপজেলায় জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো শিশুর হার ৪৯ শতাংশ। ২০১১ সালের বাংলাদেশ স্বাস্থ্য ও জনমিতি জরিপে এই হার ৬৪ শতাংশ বলা হয়েছিল। জরিপে দুই হাজার ৭৭১টি পরিবারের তথ্যও নেওয়া হয়। তাতে দেখা গেছে, ২৮ শতাংশ পরিবার তীব্র খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় আছে। অনুষ্ঠানের শুরুতে আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৮৫ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে’ এই শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। সরকার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। তিনি বলেন, ‘আজকের প্রকল্পটির শুরু সেখান থেকে।’ তিনি বলেন, বাংলাদেশে খর্বাকৃতির শিশুর হার আফ্রিকার সুদান, রুয়ান্ডা ও উগান্ডার চেয়ে বেশি। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রক্তস্বল্পতায় ভুগলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সে ঘন ঘন রোগে আক্রান্ত হয়। অন্যদিকে রক্তস্বল্পতায় ভোগা শিশুর বুদ্ধির বিকাশ কম হয়, লেখাপড়ায় পিছিয়ে পড়ে। একইভাবে রক্তস্বল্পতায় ভোগা মায়ের কর্মক্ষমতা কমে যায়। এই সমস্যার সমাধানে মা ও শিশুর লৌহসমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে ইউনিসেফের পুষ্টি বিভাগের প্রধান নরিন প্রেনডিভিল বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে এখন পুষ্টির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।