দেশের ৮০ ভাগ মানুষ জানে না ন্যায়বিচার কোথায় পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষই জানে না বিচারের জন্য কোথায় যেতে হবে, কোথায় গেলে বিচার পাওয়া যাবে। এ জন্য তারা সব সময় ন্যায়বিচার পায় না। ন্যায়বিচার পেতে মানুষের মধ্যে আইন বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম ট্রাস্ট ফান্ড এ বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষই জানে না বিচারের জন্য কোথায় যেতে হবে, কোথায় গেলে বিচার পাওয়া যাবে। প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজলুল হক বলেন, বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম আইয়ুব খানের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মানুষের জন্য বিচার পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এ কারণে আইনমন্ত্রীর মতো লোভনীয় দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতা দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সহ-উপাচার্য অধ্যাপক হারুণ অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান বক্তব্য দেন।