দোকান বন্ধে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ছিল ১৮ রমজান। ওই দিন থেকে ঈদের বেচাকেনা জমে উঠবে—এমন আশায় দিন গুনছিলেন উত্তরার আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সের দোকানমালিকেরা। কিন্তু শনিবার আসার আগেই তাঁরা শনির দশায় পড়েছেন। শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁরা।
শুক্রবার সন্ধ্যায় ১৬ তলা ভবনের ছয়তলার এই শপিং কমপ্লেক্সের একটি লিফটের তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন প্রাণ হারান। এরপর শপিং কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়। গত শনিবার দুপুরের দিকে মাইকে প্রচার করে দোকানমালিকদের ডেকে নেওয়া হয়। এরপর তাঁদের দোকানে যেতে দেওয়া হলেও বেচাকেনা শুরু হয়নি।
আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সহসভাপতি মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, কবে নাগাদ শপিং কমপ্লেক্স চালু করা সম্ভব হবে, তা বলা যাচ্ছে না। সমিতির নেতারা আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ওই মার্কেটের নিচতলায় টয় অ্যান্ড গিফট কর্নার নামের দোকানের মালিক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সকাল ১০টায় দোকান বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়। দুপুরে গিয়েছিলাম। মালামাল অগোছালো হয়ে গেছে। এই অবস্থায় দোকান খোলা সম্ভব হবে না।’
একতলার সেভেন এরেভেন নামে প্রসাধনীর দোকানের কর্মচারী নাসির বলেন, ‘আগুন লাগার কথা শুনে তালা লাগিয়ে দিয়েছিলাম। ভেতরে মালামাল ঠিক আছে কি না, তা দেখতে দেওয়া হয়েছে। আর কিছু করতে দেয়নি।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনেই আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সের অবস্থান। ১৬ তলা ভবনটির ৬ তলা পর্যন্ত পোশাক, অলংকার, ইলেকট্রনিকস, প্রসাধনী, জুতা, মোবাইল ফোনসেট, বিউটি পারলার, খাবারের দোকানসহ তিন শর বেশি দোকান। নিচতলার ১০০ বর্গফুট আয়তনের একটি দোকানের প্রতি মাসে ভাড়া ৩০ হাজার টাকা। ছয়তলার ওপরের তলাগুলোতে বিভিন্ন অফিস। শপিং কমপ্লেক্সে প্রবেশমুখের দুই পাশে দুটি লিফট। পেছনে আছে আরেকটি লিফট। এর মধ্যে প্রবেশমুখের বাঁ পাশের লিফট ছিঁড়ে গেছে। ভবনের সামনের রাস্তাজুড়ে প্রচুর কাচের গুঁড়া এবং কিছু মানুষের জুতা-স্যান্ডেল, ভবনের ভেতরের দোকান থেকে ছিটকে আসা বিভিন্ন টুকরো জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। বিকেলের দিকে বিভিন্ন দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা সেগুলো পরিষ্কার করার কাজ শুরু করেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো বুঝে উঠতে পারছেন না তাঁরা।
চারতলার কাব্য লেডিস টেইলার্সের মালিক মো. সুমন প্রথম আলোকে বলেন, শুক্রবার ইফতারের আধা ঘণ্টা আগে তাঁরা বিস্ফোরণের শব্দ শোনেন। এটি ট্রান্সফরমার, নাকি বিদ্যুতের লাইন থেকে হয়েছে, তা বুঝতে পারেননি। তবে লিফটের ওখানেই বিস্ফোরণটি ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ, তিতাস গ্যাস এবং সর্বোপরি রাজউকের মতামত নিতে হবে।
কয়েকজন ব্যবসায়ী বলেন, ব্যবসা করা দূরে থাক, দোকান বন্ধ থাকলে জুলাই মাসে উল্টো ঋণ করে ভাড়া মেটাতে হবে। তবে যত দ্রুত সম্ভব দোকান খোলার চেষ্টা করবেন তাঁরা। কমপ্লেক্সটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা হলেই ক্রেতারা ফিরবেন। না হলে খোলা রেখেও খুব একটা লাভ হবে না।