দোকানে দোকানে বড়দিনের পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের আগের কয়েক সপ্তাহে খ্রিষ্টান সমাজে এই উৎসবের প্রস্তুতি সাধারণত দুই ধরনের হয়। খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর একটি আধ্যাত্মিক, আরেকটি জাগতিক।
এখন মূলত ক্যাথলিক গির্জাগুলোতে কনফেশন বা পাপ স্বীকার পর্ব চলছে। সারা বছরে তাদের কৃতকর্মের কথা স্বীকার করে প্রার্থনায় নতজানু হন এ ধর্মের অনেক অনুসারী। এটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আবার গির্জাগুলোতে চলছে আগমনী পর্ব। এসবই আধ্যাত্মিক প্রস্তুতির নমুনা।
আর জাগতিক প্রস্তুতির মধ্যে আছে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে কেনাকাটা, আত্মীয়-পরিজনের মাঝে পিঠা বিতরণ এবং ঘর সাজানোর জন্য নানা সামগ্রী কেনা। শহরের দোকানগুলোও কিন্তু বড়দিনকে উপলক্ষ করে নানা পণ্যের পসার সাজিয়ে বসেছে। এসবের বেশির ভাগেরই দেখা মেলে রাজধানীর বড় গির্জা তেজকুনীপাড়ার জপমালার রানী ধর্মপল্লির ফটকের সামনে।
বছরজুড়েই এখানে অবশ্য খ্রিষ্টধর্ম-সংশ্লিষ্ট নানা সামগ্রীর দোকান থাকে। তবে বড়দিনকে সামনে রেখে দোকানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি দোকানগুলো ভরে উঠেছে হরেক রকমের সামগ্রীতে। এমন একটি দোকানের মালিক সেবাস্টিন বাদল দাস গতকাল রোববার সকালে কাগজ ও পলিথিন দিয়ে তৈরি করছিলেন একটি বড় তারা। জানালেন, এটি তিনি বিক্রি করবেন পাঁচ শ টাকায়। সেবাস্টিনের দোকানে আছে ক্রিসমাস বৃক্ষ, সান্তা ক্লজের টুপি, পোশাকসহ নানা সামগ্রী। বলছিলেন, এবারে বেচাবিক্রি মোটামুটি ভালো। আজ (গতকাল) বড়দিনের আগের শেষ রোববার। আজ আরও ভালো বিক্রি হবে।
সেবাস্টিনের সঙ্গে তাঁর স্ত্রীও আছেন দোকানে। জানালেন, তাঁদের দোকানে সান্তা ক্লজের ছোটদের টুপির দাম ৬০, বড়দেরটা ১৫০। সান্তা ক্লজের পোশাকের দাম ছোটদের ৮০০, বড়দের ১২০০। আছে নানা আকারের যিশুর মূর্তি। আছে গোয়ালঘর, দাম ৪০০। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, বেথলেহেমে একটি গোয়ালঘরেই জন্ম হয়েছিল খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের। এই উৎসবে ছোট্ট গোয়ালঘর এবং সেখানে শিশু যিশুর মূর্তি অনেকেরই বাড়িতে স্থান পায়। এমন গোয়ালঘর কিনতে এসেছিলেন বেনেডিক্ট আলোক দাস। এখানকার দোকানগুলোর প্রতিটিতেই আছে ক্রিসমাস বৃক্ষ। বিক্রি হচ্ছে ২০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে। যাঁদের ঘরে আগের বছরেরটি আছে, তাঁরা সেটি নতুন করে সাজিয়ে নেন। আর যাঁদের পুরোনো হয়ে গেছে, কেনেন তাঁরাই। মীরা পালমার ঘরে ক্রিসমাস বৃক্ষ আছে। তিনি এসেছিলেন এ বৃক্ষ সাজানোর সামগ্রী কিনতে।