রাজধানীর হাজারীবাগে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার আজ রোববার এ রায় দেন।
দণ্ডিত আসামির নাম আক্তার সরদার। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) আলী আজগর স্বপন।
বাদীপক্ষে আইনি সহায়তা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) আইনজীবী ফাহমিদা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের ১৪ এপ্রিল রাজধানীর হাজারীবাগে একটি বাসায় সাত বছরের শিশুকে ধর্ষণ করেন আক্তার সরদার। এর ১৮ দিন পর শিশুটির মা রাজধানীর হাজারীবাগ থানায় ধর্ষণ মামলা করেন। পরে ওই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলার নথিপত্রের তথ্য বলছে, এ মামলায় আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত ২০১৯ সালের ৪ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।