দেড় মাসেও হাসান খালেদের মৃত্যুর কারণ জানা যায়নি
ব্যবসায়ী হাসান খালেদের (৫৪) লাশ নদী থেকে উদ্ধারের প্রায় দেড় মাস পরও পুলিশ তাঁর মৃত্যুর কারণ জানতে পারেনি। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে পুলিশ জানিয়েছে।
ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান খালেদ গত ২৩ জুলাই ধানমন্ডি এলাকা থেকে নিখোঁজ হন। ২৬ জুলাই কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। ২ আগস্ট এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা হয়। পরে মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের উপপরিদর্শক নেওয়াজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, হাসান খালেদ আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে অপহরণ করে হত্যা করা হয়েছে—সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত তদন্তে তাঁকে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, গত ২৮ আগস্ট মহাখালী রাসায়নিক পরীক্ষাগার থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসান খালেদের ভিসেরা প্রতিবেদন পাঠানো হয়েছে। এখন সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না, সে-সংক্রান্ত একটি প্রতিবেদন দেবে।